১৬ মিনিটেই চার গোল, সুপার কাপের ফাইনালে বার্সা

স্পোর্টস ডেস্ক:
সৌদি আরবে অনুষ্ঠিত স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে অ্যাথলেটিক ক্লাবকে একপ্রকার বিধ্বস্ত করে ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা।

ম্যাচের প্রথমার্ধেই মাত্র ১৬ মিনিটে চার গোল করে জয় প্রায় নিশ্চিত করে ফেলে কাতালানরা।

১৫বারের শিরোপাজয়ীরা এই ম্যাচে ইতিহাসও গড়েছে। স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালের প্রথমার্ধে চার গোল করা প্রথম দল হিসেবে নাম লেখায় বার্সেলোনা।

ম্যাচের ২২ মিনিটে কাছ থেকে বল জালে পাঠিয়ে গোলের সূচনা করেন ফেরান তোরেস। এরপর ফারমিন লোপেজ দুর্দান্ত এক শটে বল জড়ান জালের ওপরের কোণে।

রুনি বার্গধিয়ির জোরালো শট অ্যাথলেটিক গোলরক্ষক উনাই সিমনের হাত ফসকে জালে ঢুকে যায়, আর ৩৮ মিনিটে রাফিনিয়া গোল করে ব্যবধান বাড়ান ৪-০ তে।

বিরতির চার মিনিট পরই নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ৫-০ করেন ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া। এ গোলেও পুরোপুরি অসহায় ছিলেন গোলরক্ষক সিমন।

এরপর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি ধরে রেখে স্বস্তির জয় নিশ্চিত করে বার্সেলোনা। সব প্রতিযোগিতা মিলিয়ে এটি তাদের টানা নবম জয়।

কোচ হানসি ফ্লিকের দল ফাইনালে মুখোমুখি হবে আতলেতিকো মাদ্রিদ অথবা ১৩বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের। দুই দল আজ সেমিফাইনালের অন্য ম্যাচে মুখোমুখি হবে।

আগামী রোববার জেদ্দায় অনুষ্ঠিত হবে সুপার কাপের ফাইনাল। সৌদি আরব ও স্প্যানিশ ফুটবল ফেডারেশনের মধ্যে চুক্তি অনুযায়ী ২০২৯ সাল পর্যন্ত এই টুর্নামেন্ট সৌদি আরবেই আয়োজন করা হবে।