মোহাম্মদ তারেক, বিশেষ প্রতিনিধি
বাংলাদেশের হোস্টিং শিল্পের ভবিষ্যৎ নির্ধারণে অষ্টমবারের মতো ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল ‘হোস্টিং সামিট ২০২৬’।
রোববার ঢাকার নিকুঞ্জে দেশের ওয়েব হোস্টিং শিল্পের উন্নয়ন, সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
চতুর্থ শিল্প বিপ্লবের প্রেক্ষাপটে এই সামিট দেশের ডিজিটাল অবকাঠামোর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
দেশের শীর্ষস্থানীয় হোস্টিং প্রতিষ্ঠান আলফা নেটের আয়োজনে সামিটে ৩০টিরও বেশি হোস্টিং কোম্পানির প্রধান নির্বাহী ও প্রযুক্তি কর্মকর্তারা অংশ নেন।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, বাংলাদেশ টেলিকম রেগুলেটরি কমিশন, বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড, ইক্যাব, আইএসপিএবি, বাক্কো এবং পুলিশের সাইবার নিরাপত্তা শাখার প্রতিনিধিরা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রপ্রবাসী প্রযুক্তিবিদ আবু সুফিয়ান হায়দার ।
সামিটের আহ্বায়ক একরামুল হায়দার জানান, এবারের আলোচনার মূল বিষয় ছিল ওয়েব হোস্টিং শিল্পের অবকাঠামো উন্নয়ন, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা এবং দক্ষ জনশক্তি তৈরি।
“আমরা চাই আমাদের হোস্টিং কোম্পানিগুলো যেন আন্তর্জাতিক মানের সঙ্গে খাপ খাইয়ে দেশের ডিজিটাল অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।”
