আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার পর ভেনেজুয়েলার রাজনৈতিক ক্ষমতার ভার আপাতত এসে পড়েছে ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের হাতে।
দেশটির সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ এক জরুরি আদেশে তাকে অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে।
আদালতের রায়ে বলা হয়, প্রেসিডেন্টের “বলপ্রয়োগে অনুপস্থিতির” কারণে রাষ্ট্রের প্রশাসনিক ধারাবাহিকতা, সরকার পরিচালনা এবং জাতীয় সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে ডেলসি রদ্রিগেজ এই দায়িত্ব পালন করবেন।
এর আগে এক বিবৃতিতে ডেলসি রদ্রিগেজ যুক্তরাষ্ট্রের অভিযানের তীব্র নিন্দা জানিয়ে বলেন,
“নিকোলাস মাদুরোকে অপহরণ করা হয়েছে। তিনি ভেনেজুয়েলার একমাত্র বৈধ প্রেসিডেন্ট।”
তিনি যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে আন্তর্জাতিক আইন ও ভেনেজুয়েলার সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন বলে উল্লেখ করেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা দখল বা সরাসরি শাসন করতে চায় না। তবে শর্ত দিয়েছেন, ডেলসি রদ্রিগেজকে “ওয়াশিংটনের চাওয়া অনুযায়ী” কাজ করতে হবে। এই বক্তব্য ভেনেজুয়েলার রাজনৈতিক অঙ্গনে নতুন করে অনিশ্চয়তা সৃষ্টি করেছে।
