ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে আটকের দাবি ট্রাম্পের

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তার স্ত্রীসহ আটক করে মার্কিন বাহিনী দেশের বাইরে নিয়ে গেছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন বাহিনী ভেনিজুয়েলায় ব্যাপক হামলা চালানোর পর এ দাবি করেন ট্রাম্প।

আর পড়ুন: ভেনিজুয়েলায় মার্কিন হামলা শুরু

ট্রাম্প দাবি করেন, অভিযানের সময় মাদুরোর স্ত্রীকেও আটক করা হয়েছে এবং দুজনকেই দেশের বাইরে নিয়ে যাওয়া হয়েছে।

তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ট্রাম্পের দাবির বিষয়ে ভেনিজুয়েলা কোন প্রতিক্রিয়া জানায়নি।

এর আগে খবর আসে, হামলার পর পরিস্থিতি মোকাবিলায় ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা করেন প্রেসিডেন্ট মাদুরো।

ভেনিজুয়েলা সরকার এই হামলাকে ‘সামরিক আগ্রাসন’ হিসেবে নিন্দা জানিয়েছে।

দেশটির সরকার জানায়, শনিবার রাজধানী কারাকাস ছাড়াও মিরান্ডা, আরাগুয়া ও লা গুয়াইরা রাজ্যে হামলা চালিয়েছে আমেরিকার বিমান বাহিনী।

একই সঙ্গে ভেনিজুয়েলা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ করে যে, দেশটির তেল ও খনিজ সম্পদ দখলের উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে।

এ প্রচেষ্টা কখনো সফল হবে না বলেও মন্তব্য করেছে মাদুরোর সরকার।