বাংলাদেশে ব্যবহারকারীরা লাখ লাখ নিম্নমানের নকল ফোন ব্যবহার করছে, এমন দাবি করে গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।
শনিবার মন্ত্রণালয় জানিয়েছে, এনইআইআর চালুর পর ‘ক্লোন ফোন’ নিয়ে ভয়াবহ তথ্য বেরিয়ে এসেছে। নেটওয়ার্কে বর্তমানে লাখ লাখ ভুয়া আইএমইআই (IMEI) নম্বর রয়েছে।
একই আইএমইআই নম্বর ব্যবহার করে লাখ লাখ মোবাইল বিক্রির একটি পরিসংখ্যানও দিয়েছে মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের দাবি, গত ১০ বছরে আইএমইআই নম্বর 99999999999999 তে পাওয়া গেছে ৩ কোটি ৯১ লক্ষ ২২ হাজার ৫৩৪টি মোবাইল ফোন।
এছাড়া সাড়ে ১৯ লাখ ডিভাইসের আইএমইআই নম্বর 440015202000। আর 35227301738634 নম্বরে সাড়ে ১৭ লাখ, 35275101952326 নম্বরে সোয়া ১৫ লাখ, ০ নম্বরে পৌঁণে ৬ লাখ ডিভাইস রয়েছে।
৩৫৪৬৪৮০২০০০০২৫ ও ৩৫৮৬৮৮০০০০০০১৫ নম্বরে সোয়া ৫ লাখ, ৮৬৭৪০০০২০৩১৬৬১ নম্বরে সাড়ে ৪ লাখ ও ৮৬৭৪০০০২০৩১৬৬২ নম্বরে ৪ লাখের বেশি মোবাইল ফোন রয়েছে।
মন্ত্রণালয় বলছে, আন-অফিশিয়াল নতুন ফোনের নামে নকল ফোন বিক্রি করে বাংলাদেশের নাগরিকদের সঙ্গে এতদিন অভাবনীয় ও নজিরবিহীন প্রতারণা করা হয়েছে।
নকল ফোন বন্ধ করবে সরকার?
মন্ত্রণালয় জানিয়েছে, এখনই ভুয়া আইএমইআই নম্বর ব্যবহার করে চালু করা ফোন বন্ধ করা হচ্ছে না।
ব্যবহারকারীদের যাতে সমস্যা না হয়, সেজন্য ফোন বন্ধ না করে গ্রে হিসেবে এসব ফোনকে চিহ্নিত করা হবে।
