নয়াদিল্লি প্রতিনিধি
ভারতের কারাবন্দি ছাত্রনেতা উমর খালিদকে লেখা নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির চিঠি নিয়ে ভারতে বিতর্ক তৈরি হয়েছে।
তীব্র প্রতিক্রিয়া জানিয়ে ক্ষমতাসীন দল বিজেপি বলেছে, ভারতের অভ্যন্তরীণ বিষয়ে কোন বিদেশি হস্তক্ষেপ তারা সহ্য করবে না।
কে এই উমর খালিদ?
উমর খালিদ ২০২০ সালের দিল্লি দাঙ্গার ‘মাস্টারমাইন্ড’ হিসেবে অভিযুক্ত। এই ছাত্রনেতা যে সন্ত্রাসবিরোধী আইনে অভিযুক্ত হয়েছেন, তাতে জামিন পাওয়া অত্যন্ত কঠিন।
মানবাধিকার সংগঠন ও আন্তর্জাতিক মহলের একটি অংশ উমর খালিদের গ্রেপ্তার এবং বিচার প্রক্রিয়া নিয়ে আপত্তি জানিয়ে আসছেন।
চিঠিতে যা লিখেছেন মামদানি
উমর খালিদকে নিয়ে জোহরান মামদানির হাতে লেখা ছোট চিঠিটি এই ছাত্রনেতার সঙ্গী বনজোৎস্না লাহিরি প্রকাশ করার পরই তা নিযে ভারতে রাজনৈতিক বিতর্ক শুরু হয়।
চিঠিতে উমর খালিদকে নিয়ে চিন্তিত থাকার বিষয়টি তুলে ধরেন জোহরান মামদানি।
চিঠিতে মামদানি লেখেন, “কারাগার মানুষকে আলাদা করে রাখার চেষ্টা করলেও শব্দ ছড়িয়ে পড়ে। আমি আপনার কথাগুলো প্রায়ই মনে করি।”
মামদানির চিঠি নিয়ে যা বলছে বিজেপি
মামদানির চিঠিকে নরেন্দ্র মোদির বিজেপি ভারতের অভ্যন্তরীণ বিষযে নাক গলানো হিসেবে দেখছে।
বিজেপির জাতীয় মুখপাত্র গৌরব ভাটিয়া বলেন, “উমর খালিদ একজন অভিযুক্ত ব্যক্তি। তার পক্ষে অবস্থান নিয়ে কোন বিদেশি নেতা ভারতের গণতন্ত্র ও বিচারব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলতে পারেন না।
ভারতের সার্বভৌমত্ব চ্যালেঞ্জ করা হলে ১৪০ কোটি মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকবে বলেও মন্তব্য করেন তিনি।
