আন্তর্জাতিক ডেস্ক:
ইরানে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যার বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, বিক্ষোভকারীদের ওপর সহিংস দমন-পীড়ন চালানো হলে যুক্তরাষ্ট্র তাদের ‘রক্ষা করতে প্রস্তুত’ এবং প্রয়োজন হলে ব্যবস্থা নিতে দ্বিধা করব না। তবে কী ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে, সে বিষয়ে তিনি স্পষ্ট কিছু জানাননি।
এর জবাবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলী লারিজানি হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে, তাহলে গোটা মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হয়ে উঠবে এবং এতে যুক্তরাষ্ট্রের স্বার্থই ক্ষতিগ্রস্ত হবে।
এদিকে, টানা প্রায় এক সপ্তাহের বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত আটজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। অর্থনৈতিক সংকট ও মুদ্রার ভয়াবহ দরপতনের জেরে শুরু হওয়া এই বিক্ষোভ রাজধানী তেহরান ছাড়াও বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে।
বিক্ষোভকারীরা দেশটির শাসনব্যবস্থার পরিবর্তন ও সর্বোচ্চ নেতার পদত্যাগের দাবিও তুলছেন।
তবে, ইরানের প্রসিকিউটর জেনারেল সতর্ক করে বলেছেন, দেশকে অস্থিতিশীল করার যেকোনো চেষ্টা কঠোরভাবে দমন করা হবে।
