বিক্ষোভে উত্তাল ইরানে অন্তত ৬ জনের মৃত্যু

ইরানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে।

জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার প্রতিবাদে দেশটির দোকান মালিক ও ব্যবসায়ীরা সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে।

পাঁচদিন ধরে চলা বিক্ষোভ এখন ইরানের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারি বাহিনীকে বেগ পেতে হচ্ছে।

ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সি জানিয়েছে, তেহরানের ৩০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের আজনা শহরে বৃহস্পতিবার ৩ জন বিক্ষোভকারী মারা গেছেন, আহত হয়েছেন ১৭ জন।

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে সরকারি বাহিনীকে বিক্ষোভকারীদের ওপর গুলি চালাতে দেখা যায়।

এছাড়া লরদেগান শহরে আরও ২ জন বিক্ষোভকারীর মৃত্যুর তথ্য দিয়েছে ফারস।

ফারস জানায়, বিক্ষোভকারীরা সরকারি ভবন, ব্যাংক, গভর্নরের বাসভবনসহ বিভিন্ন স্থাপনায় পাথর নিক্ষেপ করে।

এই শহরেও রাস্তায় আন্দোলন চলাকালে গুলির শব্দ শোনা যায়।

বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, আরেক শহর কুদাস্টে বিক্ষোভকারীরা নিরাপত্তা বাহিনীর একজন সদস্যকে হত্যা করেছে।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে বলেছেন, সরকার অর্থনৈতিক সংকট নিরসনে কাজ করছে।