জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন।
শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
ঘোষণায় ডা. তাসনিম জারা বলেন, খিলগাঁওয়ে জন্ম ও বেড়ে ওঠা একজন মানুষ হিসেবে এলাকার মানুষের সেবা করার আকাঙ্ক্ষা থেকেই তিনি নির্বাচনে অংশ নিতে চান। তবে বর্তমান বাস্তবতায় কোনো রাজনৈতিক দল বা জোটের প্রার্থী না হয়ে স্বতন্ত্র হিসেবে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি উল্লেখ করেন, একটি দলের প্রার্থী হলে স্থানীয় সাংগঠনিক কাঠামো, কর্মী বাহিনী ও প্রশাসনের সঙ্গে যোগাযোগের সুবিধা থাকে। কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসেবে এসব সুবিধা তার থাকবে না। এ অবস্থায় এলাকার ভোটারদের সমর্থনই হবে তার প্রধান শক্তি।
ডা. তাসনিম জারা জানান, আইনি বাধ্যবাধকতা অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী হতে হলে ঢাকা-৯ আসনের অন্তত ৪ হাজার ৬৯৩ জন ভোটারের স্বাক্ষর জমা দিতে হবে। আগামীকাল থেকেই এই স্বাক্ষর সংগ্রহ কার্যক্রম শুরু করা হবে। অল্প সময়ের মধ্যে এই কাজ সম্পন্ন করা কঠিন হলেও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে তা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ ছাড়া এর আগে নির্বাচনী তহবিলে যারা অনুদান দিয়েছেন, তাদের বিষয়ে তিনি স্পষ্ট অবস্থান জানান।
সিদ্ধান্ত পরিবর্তনের কারণে কেউ অর্থ ফেরত নিতে চাইলে নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে তা ফেরত দেওয়া হবে বলে আশ্বস্ত করেন তিনি।
পোস্টের শেষাংশে ডা. তাসনিম জারা বলেন, সততা, নিষ্ঠা ও নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার প্রত্যয়ে তিনি এই লড়াইয়ে নামছেন।
জনগণের সমর্থন পেলে সংসদে গিয়ে এলাকার মানুষের পাশাপাশি দেশের সেবায় কাজ করার সুযোগ পাবেন বলেও তিনি আশা প্রকাশ করেন।
