নিজস্ব প্রতিবেদক:
দীর্ঘ ১৭ বছরের প্রবাসজীবনের অবসান ঘটিয়ে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যুক্তরাজ্যের লন্ডন থেকে আসা তাকে বহনকারী উড়োজাহাজটি বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা ৫৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
যাত্রাবিরতির পর একই উড়োজাহাজে তিনি সিলেট থেকে ঢাকার উদ্দেশে রওনা হন। নির্ধারিত সূচি অনুযায়ী বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে তারেক রহমান রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
ইমিগ্রেশন আনুষ্ঠানিকতা শেষে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা বিমানবন্দরেই তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। পরে, কড়া নিরাপত্তায় নির্ধারিত বাসে করে তিনি পূর্বাচলের ৩০০ ফিটে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার (ফ্লাইট নম্বর বিজি-২০২) বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। ঐতিহাসিক এই প্রত্যাবর্তন যাত্রায় তার সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
জানা গেছে, ফ্লাইট ছাড়ার প্রায় চার ঘণ্টা আগে স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটে লন্ডনের বাসা থেকে বের হন তারেক রহমান। এরপর বিকেল ৪টা ১৫ মিনিটে তিনি হিথ্রো বিমানবন্দরে পৌঁছান।
পরিবারের সদস্যদের পাশাপাশি এই সফরে তারেক রহমানের সঙ্গে রয়েছেন বিএনপির মিডিয়া টিমের প্রধান আবু আবদুল্লাহ সালেহ, ব্যক্তিগত সহকারী রহমান সানি এবং তাবাসসুম ফারহানা।
তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে সিলেট ও ঢাকায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও আবেগ লক্ষ্য করা গেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।
