সাউথ আফ্রিকায় ফের গণগুলিবর্ষণ, নিহত অন্তত ৯

আন্তর্জাতিক ডেস্ক:
সাউথ আফ্রিকার জোহানেসবার্গ শহরের পশ্চিমে বেকার্সডাল টাউনশিপে একটি টাভার্নে ভয়াবহ গণগুলিবর্ষণে অন্তত নয়জন নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। দেশটির পুলিশের বরাতে আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

পুলিশ জানায়, রোববার ভোরের দিকে এই হামলার ঘটনা ঘটে। অন্তত ১০ জন সশস্ত্র ব্যক্তি টাভার্ন ও আশপাশের এলাকায় এলোপাতাড়ি গুলি চালায়।

হামলায় হতাহতদের বেশিরভাগকেই রাস্তায় ‘এলোমেলোভাবে গুলি করা হয়েছে’ বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার পরপরই হামলাকারীদের ধরতে ব্যাপক অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

সাম্প্রতিক সময়ে সাউথ আফ্রিকায় একের পর এক গণগুলিবর্ষণের ঘটনায় দেশজুড়ে উদ্বেগ বাড়ছে। প্রায় ৬ কোটি ৩০ লাখ জনসংখ্যার এই দেশটি বিশ্বের সর্বোচ্চ হত্যার হারের দেশগুলোর একটি হিসেবে পরিচিত।

এর আগেও চলতি মাসের শুরুতে প্রিটোরিয়ার কাছে একটি বারে হামলায় অন্তত ১২ জন নিহত হন। সেই ঘটনায় তিন বছর বয়সী এক শিশুও প্রাণ হারায়।