হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর পৌঁছেছে

নিজস্ব প্রতিবেদক:
ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পৌঁছেছে।

বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টা ২০ মিনিটে সিঙ্গাপুর সেলেতার বিমানবন্দরে পৌঁছায় এয়ার অ্যাম্বুলেন্সটি।

হাদি দীর্ঘ সময় ধরে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন ছিলেন এবং উন্নত চিকিৎসার প্রয়োজনীয়তার কারণেই এয়ার অ্যাম্বুলেন্সে তাকে বিদেশে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়।

গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর পল্টন এলাকায় তিনি একটি রিকশায় থাকাকালীন দুর্বৃত্তরা মোটরসাইকেল থেকে তার দিকে গুলি চালায়, এতে তিনি মাথায় গুলিবিদ্ধ হন এবং গুরুতর আহত অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে ঢাকা এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয় এবং সেখানেই চিকিৎসা চলছিল।

চিকিৎসকেরা তার অবস্থাকে গুরুতর ও অপরিবর্তিত বলে উল্লেখ করেছেন এবং উন্নত চিকিৎসার প্রয়োজনীয়তা বিবেচনা করে তাকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গতকাল হাসপাতাল থেকে তার অবস্থার ওপর ভিত্তি করে পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছিল।

ঘটনার পর পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে। হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিকসহ কয়েকজনকে আটক করা হয়েছে এবং আরো সন্দেহভাজনদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পল্টন থানায় ওসমান হাদির ওপর হত্যাচেষ্টার একটি মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ মামলার তদন্তে কাজ করছে।