খালেদা জিয়াকে বিদেশে নিতে এয়ার অ্যাম্বুলেন্স ‘দিবে’ কাতার

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উন্নত চিকিৎসায় কাতার সরকার এয়ার অ্যাম্বুলেন্স সহায়তা দিতে সম্মত হয়েছে।

কূটনৈতিক সূত্র জানায়, আজ বৃহস্পতিবার সকালে কাতারের পক্ষ থেকে বিএনপিকে এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

খালেদা জিয়াকে প্রয়োজনে বিদেশে উন্নত চিকিৎসা দেওয়ার লক্ষ্যে গত ২৯ নভেম্বর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত সেরাইয়া আলী আল কাহতানির কাছে এয়ার অ্যাম্বুলেন্সের আবেদন জানান।

এদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন।

গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট নিয়ে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষায় ফুসফুসে সংক্রমণ ধরা পড়লে তাঁকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়।

এরপর গত রোববার ভোরে অবস্থার অবনতি হলে তাঁকে এসডিইউ থেকে সরিয়ে সিসিইউতে নেওয়া হয়।

চিকিৎসা কার্যক্রমে আন্তর্জাতিক সহযোগিতাও জোরদার হয়েছে। যুক্তরাজ্যের খ্যাতনামা বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিয়েল বুধবার বিকেলে ঢাকায় পৌঁছে সরাসরি চিকিৎসা কার্যক্রমে যুক্ত হয়েছেন।

একই দিনে রাতে চীন থেকে আসা চার সদস্যের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দলও এভারকেয়ার হাসপাতালে পৌঁছে চিকিৎসায় সহায়তা শুরু করেছে। এর আগে ১ ডিসেম্বর চীনের আরও পাঁচ সদস্যের একটি অগ্রবর্তী চিকিৎসক দল ঢাকায় আসে।

বর্তমানে দেশের বিশেষজ্ঞ চিকিৎসক, যুক্তরাষ্ট্রের জনস হপকিনস হাসপাতাল এবং লন্ডনের লন্ডন ক্লিনিকের চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চলছে খালেদা জিয়ার চিকিৎসা।