হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

বুধবার সন্ধ্যা ৭টার হাসপাতালে পৌঁছান তিনি। হাসাপাতালে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রায় ২০ মিনিট হাসপাতালে অবস্থান করে বিএনপি নেত্রীর চিকিৎসার খোঁজখবর নেন প্রধান উপদেষ্টা। খালেদা জিয়াকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে -আইসিইউ চিকিৎসা দেওয়া হচ্ছে।

দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে। বিএনপির চেয়ারপারসনের চিকিৎসাসহায়তায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিয়েল আজ সকালে ঢাকায় এসেছেন।

সন্ধ্যায় প্রধান উপদেষ্টার আগমন উপলক্ষে হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়।

৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। শ্বাসকষ্ট দেখা দিলে গত ২৩ নভেম্বর দ্রুত তাঁকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।