নিজস্ব প্রতিবেদক-
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবস্থা খুবই সঙ্কটাপন্ন বলে জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। তাঁর অবস্থা জানিয়ে রোগমুক্তির জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন তিনি।
এছাড়া রোববার রাত ১০টা থেকে সাড়ে বারোটা পর্যন্ত বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সভা হয়েছে। সভায় কি সিদ্ধান্ত হয়েছে তা গণমাধ্যমকে জানানো হয়নি।
তবে রোববার দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী বলেছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে।
তিনি চিকিৎসকদের কার্যক্রমে সাড়া দিচ্ছেন, কথাও বলেছেন। বিএনপি চেয়ারপার্সনের অসুস্থতার কারণে বিজয়ের মাসে ‘মশাল রোড শো’সহ সব কর্মসূচি স্থগিত করেছে বিএনপি।
ফুসফুস ও হৃদযন্ত্রের সংক্রমণ নিয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। হাসপাতাল সূত্র থেকে জানা গেছে, বেগম জিয়া স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি তরল খাবার গ্রহণ করছেন এবং চিকিৎসকদের নির্দেশনা মানতে সক্ষম হচ্ছেন।
যথাসময়ে তারেক রহমানের দেশে ফিরবেন বলেও জানান রুহুল কবির রিজভী। এদিকে, বিএনপি মিডিয়া সেল জানিয়েছে বেগম খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত যেকোনো তথ্য গণমাধ্যমে উপস্থাপন করবেন ডা. এ জেড এম জাহিদ হোসেন। বিভ্রান্তিমূলক তথ্য গণমাধ্যমে প্রকাশ না করার অনুরোধ জানানো হয়।
