পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ৫, রেহানার ৭ ও টিউলিপের ২ বছরের দণ্ড

নিজস্ব প্রতিবেদক-
পূর্বাচল নতুন শহর প্রকল্পে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানা ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলম এ রায় ঘোষণা করেন।

রায়ে শেখ হাসিনাকে ৫ বছর, শেখ রেহানাকে ৭ বছর ও ১ লাখ টাকা জরিমানা, আর যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিককে ২ বছর কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে টিউলিপকে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। মামলার অন্য ১৪ আসামিকে ৫ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

দুদকের অভিযোগে বলা হয়, টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যে এমপি হিসেবে নিজের রাজনৈতিক প্রভাব ব্যবহার করে মা শেখ রেহানা, বোন আজমিনা সিদ্দিক ও ভাই রাদওয়ান মুজিবের জন্য পূর্বাচল প্রকল্পে ১০ কাঠা করে তিনটি প্লট বরাদ্দ নেন।

এই মামলায় কেবল শেখ রেহানার প্লট বরাদ্দের বিষয়টি অন্তর্ভুক্ত থাকায় আজমিনা ও রাদওয়ানকে অভিযুক্ত করা হয়নি; তাঁদের বিরুদ্ধে দুদকের আরও দুটি পৃথক মামলা চলমান।

গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে বেশ কয়েকটি দুর্নীতির অভিযোগ ওঠে। টিউলিপ সিদ্দিকের নামও আলোচনায় আসে। এসব তদন্ত শুরু হওয়ার পর সমালোচনার মুখে তিনি গত ১৪ জানুয়ারি যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ে ইকোনমিক সেক্রেটারি পদ থেকে পদত্যাগ করেন।

মামলার অন্য ১৪ আসামির মধ্যে আছেন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, রাজউকের সাবেক চার সদস্য, সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব, রাজউকের পরিচালক সহকারী পরিচালকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা।