ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের সাবেক নেতা সাদ্দাম হোসেনকে গুলি করে হত্যার অভিযোগ ওঠেছে স্থানীয় স্বেচ্ছাসেবক দলের এক নেতা ও তার সহযোগীদের বিরুদ্ধে।
স্থানীয়রা বলছেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দীলিপ ও সদর উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক শাকিল সিকদারের বিরোধের জেরে বৃহস্পতিবার মধ্যরাতে এই হত্যার ঘটনা ঘটেছে।
সাদ্দামের বাবা মোস্তফা কামাল জানান, দীলিপ ২ সহযোগীকে নিয়ে রাত দেড়টার দিকে সাদ্দামকে বাসা থেকে ডেকে নিয়ে যায়।
“রাত ২টার দিকে সাদ্দামের গুলিবিদ্ধ হওয়ার খবর পাই। হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা জানান সে আর বেঁচে নেই।”
তিনি দিলীপের বিরুদ্ধে ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করে প্রতিপক্ষকে ফাঁসানোর চেষ্টা করার অভিযোগ তুলেছেন।
তবে দিলীপ অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, শাকিল সিকদার গুলি করে সাদ্দামকে হত্যা করেছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি আজহারুল ইসলাম জানিয়েছেন, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
