প্লট দুর্নীতির তিন মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক:

প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে করা তিন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মোট ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন রাজধানীর বিশেষ জজ আদালত-৫। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন।

রায় ঘিরে আদালত চত্বরজুড়ে নেওয়া হয় কড়া নিরাপত্তা; অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়।

দুদকের করা ছয় মামলার মধ্যে তিনটির বিচার এ আদালতে চলে। এসব মামলায় শেখ হাসিনার পাশাপাশি তার সন্তান সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকসহ বহু আমলা ও রাজউকের সাবেক কর্মকর্তাদের আসামি করা হয়েছিল।

তবে শুধুমাত্র গ্রেপ্তার আসামি রাজউকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করেন। বাকি সবাই পলাতক।

অভিযোগ অনুযায়ী, ক্ষমতায় থাকা অবস্থায় পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরে অযোগ্য হয়েও নিজেদের নামে ১০ কাঠার প্লট বরাদ্দ নেন শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা।

তদন্ত শেষে তিন মামলায় মোট কয়েক ডজন আসামির বিরুদ্ধে পৃথক অভিযোগপত্র দাখিল করে দুদক।

দুদকের প্রসিকিউটর জানিয়েছেন, রাষ্ট্রপক্ষ আসামিদের সর্বোচ্চ সাজা দাবি করেছিল। তবে আসামি পক্ষ অভিযোগ প্রমাণিত হয়নি বলে দাবি করে আসামির খালাস চেয়েছিল।