সৌদি আরবে মদিনার কাছে উমরাহযাত্রীবাহী একটি বাস ও ডিজেল ট্যাঙ্কারের মধ্যে ভয়াবহ সংঘর্ষে কমপক্ষে ৪২ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, নিহতদের বড় একটি অংশ ভারতীয় নাগরিক এবং তাঁদের মধ্যে অধিকাংশই তেলেঙ্গানার হায়দরাবাদ এলাকার বাসিন্দা।
সৌদি আরবের স্থানীয় গণমাধ্যম জানায়, মক্কা থেকে মদিনার পথে যাত্রাকালে রাত আনুমানিক ১টা ৩০ মিনিট (ভারতীয় সময়) নাগাদ মুফরিহাত এলাকার কাছে দুর্ঘটনাটি ঘটে। বাসটির অনেক যাত্রী তখন ঘুমিয়ে ছিলেন। সংঘর্ষের পর বাসে আগুন ধরে গেলে যাত্রীরা বাস থেকে বের হওয়ার সুযোগ পায়নি।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে অন্তত ১১ নারী ও ১০ শিশু থাকতে পারে, তবে এই সংখ্যা এখনো যাচাই করছে স্থানীয় কর্তৃপক্ষ।
দুর্ঘটনার পর টেলেঙ্গানা সরকার ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ শুরু করেছে।
মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডি দিল্লিস্থ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন যেন রিয়াদের ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।
হায়দরাবাদের সংসদ সদস্য আসাদউদ্দিন জানিয়েছেন, বাসটিতে ৪২ জন উমরাহযাত্রী ছিলেন এবং দুর্ঘটনার পর তা দ্রুত আগুনে পুড়ে যায়।
তিনি বলেন, রিয়াদে ভারতীয় দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন আবু ম্যাথেন জর্জ তাঁর সঙ্গে যোগাযোগে আছেন এবং দুর্ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করছেন।
প্রতিবেদনগুলোতে আরও বলা হয়েছে, হায়দরাবাদের দুটি এজেন্সি আল-মীনা হাজ্জ অ্যান্ড উমরাহ ট্রাভেলস এর মাধ্যমে যাওয়া অন্তত ১৬ জন যাত্রী এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
কেন্দ্রীয় সরকারের কাছে নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার অনুরোধ জানিয়েছেন।
