রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য সময় জানাল আমিরাতের জ্যোতির্বিদেরা

২০২৬ সালের পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) জ্যোতির্বিজ্ঞানীরা। দেশটির জ্যোতির্বিজ্ঞান সমিতির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, হিসাব নিকাশ অনুযায়ী ২০২৬ সালের ২০ মার্চ (শুক্রবার) ঈদ উদ্‌যাপিত হতে পারে।

আল জারওয়ানের ব্যাখ্যায়, ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজানের চাঁদ দেখা যেতে পারে ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার)।

তবে সেদিন সন্ধ্যায় চাঁদ দেখার সম্ভাবনা কম। সেই হিসেবে ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) থেকে রোজা শুরু হওয়ার সম্ভাবনা বেশি।

জ্যোতির্বিজ্ঞানীরা মনে করছেন, এবার রোজা পূর্ণ ৩০ দিনের হতে পারে।

রোজা ৩০ দিন হলে, দেশটির সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আমিরাতের অধিবাসীরা ১৯ মার্চ থেকে ২২ মার্চ পর্যন্ত চার দিনের ঈদ ছুটি পেতে পারেন। এরপর ২৩ মার্চ (সোমবার) থেকে স্বাভাবিক কার্যদিবস শুরু হবে।

যদিও জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব ঈদের সম্ভাব্য তারিখ নির্দেশ করে, তবু চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে আমিরাতের চাঁদ দেখা কমিটি। সাধারণত নির্ধারিত সময়ের খুব কাছাকাছি গিয়ে এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়।

পবিত্র ঈদুল ফিতর মুসলমানদের জন্য বড় উৎসব। নামাজ, আত্মীয়–স্বজনের সঙ্গে সময় কাটানো, দান–সদকা এবং সামাজিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালিত হয়। এবারও সেই প্রস্তুতিই শুরু হয়ে গেছে আমিরাতজুড়ে।