স্পোর্টস ডেস্ক:
চলতি বছরে নিজেদের শেষ আন্তর্জাতিক ম্যাচ জয় দিয়ে শেষ করল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
লুয়ান্ডায় স্বাগতিক অ্যাঙ্গোলাকে ২-০ গোলে হারিয়েছে লিওনেল স্ক্যালোনির দল।
স্বাধীনতার ৫০ বছর উদ্যাপনে প্রায় ১শ’৫৯ কোটি টাকা ব্যয়ে ম্যাচটি আয়োজন করে অ্যাঙ্গোলা। র্যাঙ্কিংয়ে অনেক পিছিয়ে থাকলেও লড়াই করেছে স্বাগতিকরা; আর্জেন্টিনা রক্ষণে চাপও তৈরি করে কয়েকটি পাল্টা আক্রমণে।
তবে ৪৪তম মিনিটে লিওনেল মেসির দুর্দান্ত পাস থেকে লাওতারো মার্টিনেজের নিচু শটে এগিয়ে যায় আর্জেন্টিনা। বিরতির পর আরও আক্রমণাত্মক হয় আলবিসেলেস্তেরা।
৮১তম মিনিটে রদ্রিগো ডি পলের দেওয়া ফিরতি বল থেকে বক্সের বাম দিক থেকে নিখুঁত শটে গোল করেন লিওনেল মেসি। এরপরই তাকে তুলে নেন কোচ স্ক্যালোনি।
শেষ মুহূর্তে অ্যাঙ্গোলা গোলের সুযোগ পেলেও ব্যর্থ হন কার্নেইরো। ফলে ২-০ গোলের জয় নিয়ে বছর শেষ করল আর্জেন্টিনা।
আগামী মার্চে ফিনালিসিমায় স্পেনের মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়নরা।
