বিশেষ প্রতিবেদক
আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচি ঘিরে আতংকের মধ্যে বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠান ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে।
ঢাকার আন্তর্জাতিক অপরাধ আদালতে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায়ের আগে কর্মসূচি দিয়েছে তার দল।
বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের বৃহস্পতিবারের কর্মসূচি ঘিরে ইতোমধ্যে দেশজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
ঢাকা ও ঢাকার বাইরে ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগের মধ্যে নিরাপত্তা ঝুঁকিতে পড়েছেন সাধারণ মানুষ।
এর মধ্যে ঢাকার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-শিক্ষার্থীদের ক্লাসে না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
ঢাকার দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা বাংলা ইনসাইট টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, শিক্ষক, শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসার বিষয়ে তাদের নিরাপত্তাহীনতার কথা কর্তৃপক্ষকে জানান।
এরপর সরাসরি ক্লাস-পরীক্ষা বন্ধ করে অনলাইনে ক্লাস নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
আরেকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন সহযোগী অধ্যাপক বাংলা ইনসাইট টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, বৃহস্পতিবার তাদের সব ধরণের একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
“অস্থিতিশীল পরিস্থিতিতে সবার নিরাপত্তার কথা বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।”
