সরকারি অচলাবস্থা নিরসনে রিপাবলিকান বিল পাসের পক্ষে ভোট দিয়েছে মার্কিন সিনেট

আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের সিনেটররা দেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সরকারি অচলাবস্থা (শাটডাউন) শেষ করতে একটি অস্থায়ী অর্থায়ন বিলের পক্ষে ভোট দিয়েছেন।

রবিবার অনুষ্ঠিত প্রাথমিক ভোটে আটজন ডেমোক্র্যাট দলীয় অবস্থান থেকে সরে গিয়ে রিপাবলিকানদের প্রস্তাবের পক্ষে ভোট দেন। এই প্রস্তাব অনুযায়ী সরকার ৩০ জানুয়ারি পর্যন্ত খোলা থাকবে।

এই বিল সরকারের খাদ্য সহায়তা ও আইন প্রণয়ন সংক্রান্ত কার্যক্রমসহ কয়েকটি খাতকে আগামী এক বছরের জন্য অর্থায়ন করবে। তবে ‘অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট’ (এসিএ) বা ‘ওবামাকেয়ার’-এর আওতায় থাকা স্বাস্থ্যসেবা ভর্তুকি বাড়ানোর বিষয়ে এখনো কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি।

এ বিষয়ে ডিসেম্বর মাসে ভোট আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছে রিপাবলিকানরা, যা ডেমোক্র্যাটদের একটি মূল দাবি ছিল।

আল জাজিররা প্রতিবেদনে বলা হয়, রবিবারের ভোটে ৬০ জন পক্ষে এবং ৪০ জন বিপক্ষে ভোট দেন।

এটি ছিল একটি “ক্লোচার ভোট” যা আইন প্রণয়নের বিষয়ে আলোচনাকে এগিয়ে নিয়ে যাওয়ার অনুমতি দেয়। একবার এই ভোট পাস হয়ে গেলে পরবর্তী ভোটগুলোতে সাধারণ সংখ্যাগরিষ্ঠতা যথেষ্ট হয়।

তবে সিনেট বিলটি পাস করলেও সেটি হাউস অব রিপ্রেজেন্টেটিভস বা প্রতিনিধি পরিষদে পাস হতে হবে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সই পেলে তবেই আইন হিসেবে কার্যকর হবে।

ডেমোক্র্যাটদের ভিন্নমত

যে আটজন ডেমোক্র্যাট সিনেটে রিপাবলিকানদের প্রস্তাবে সমর্থন দিয়েছেন, তাঁদের মধ্যে রয়েছেন ইলিনয়ের ডিক ডারবিন, নিউ হ্যাম্পশায়ারের জিন শাহিন ও ম্যাগি হাসান, ভার্জিনিয়ার টিম কেইন, পেনসিলভেনিয়ার জন ফেটারম্যান, নেভাডার ক্যাথরিন কর্টেজ মাস্টো ও জ্যাকি রোজেন। স্বাধীন সিনেটর অ্যাঙ্গাস কিংও (মেইন) ডেমোক্র্যাটদের সঙ্গে অবস্থান নিয়েও রিপাবলিকান প্রস্তাবের পক্ষে ভোট দেন।

সিনেটের ডেমোক্র্যাট নেতা চাক শুমার বলেন, তিনি “সৎভাবে” এই প্রস্তাব সমর্থন করতে পারেন না। মার্চ মাসে সরকার খোলা রাখার পক্ষে ভোট দেওয়ায় দলের ভেতরে সমালোচনার মুখে পড়া।আমরা স্বাস্থ্যসেবা নিয়ে লড়াই চালিয়ে যাব।”

স্বাধীন সিনেটর বার্নি স্যান্ডার্স একে “ভয়াবহ ভুল” বলে মন্তব্য করেছেন। ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মারফি বলেন, গত সপ্তাহের গভর্নর ও মেয়র নির্বাচনে জনগণ বিপুলভাবে ডেমোক্র্যাটদের পক্ষে ভোট দিয়ে দলকে কঠোর অবস্থানে থাকার আহ্বান জানিয়েছে।

অচলাবস্থা শুরু হয় ১ অক্টোবর। এরপর থেকে ডেমোক্র্যাটরা ১৪ বার সরকার পুনরায় চালুর প্রস্তাব নাকচ করেন, যতক্ষণ না স্বাস্থ্যবিমার ট্যাক্স ক্রেডিট বাড়ানোর বিষয়ে রিপাবলিকানরা নিশ্চয়তা দিচ্ছে। রিপাবলিকানরা অবশ্য বলছে, সরকার পুনরায় চালুর পরই এ বিষয়ে আলোচনা সম্ভব।

সমঝোতার খসড়া ও সরকারি কর্মীদের জন্য স্বস্তি

রবিবারের দ্বিদলীয় চুক্তির আওতায় সেনেট অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটি কিছু বিল অনুমোদন করেছে। তারমধ্যে – খাদ্য সহায়তা, প্রবীণ ও ভেটেরান সেবা, এবং আইন প্রণয়ন শাখাকে অর্থায়ন করবে। অন্যান্য খাতের অর্থায়ন ৩০ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হবে।

এই বিল পাস হলে যেসব সরকারি কর্মচারী ছাঁটাই নোটিশ পেয়েছেন, তাঁরা চাকরিতে ফিরে আসবেন। শাটডাউন চলাকালে রাজ্যগুলো যে অর্থ দিয়ে ফেডারেল কর্মসূচি চালু রেখেছিল, তাও ফেরত দেওয়া হবে।

এছাড়া জানুয়ারি পর্যন্ত আর কোনো কর্মী ছাঁটাই করা হবে না এবং শাটডাউন শেষে সবাই বকেয়া বেতন পাবেন।

দলের ভেতরে ক্ষোভ

রাজনৈতিক বিশ্লেষক ও দি হিল -এর কলামনিস্ট নিয়াল স্ট্যানেজ বলেন, এই আট ডেমোক্র্যাটের ভোটে দলের ভেতরে “বিরাট আলোড়ন” সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, “ডেমোক্র্যাটদের সমালোচকরা মনে করছেন, দলটি সাম্প্রতিক নির্বাচনে বড় জয় পেয়েছিল, ফলে তাদের শক্ত অবস্থান নেওয়ার সুযোগ ছিল। অথচ এই আটজন সিনেটর কার্যকরভাবেই তাদের অবস্থান দুর্বল করে দিয়েছে।”

স্বাস্থ্যসেবা ভর্তুকি বিষয়ে দুই দল ডিসেম্বরের আগে কোনো সমঝোতায় পৌঁছাতে পারবে কিনা, তা এখনো অনিশ্চিত।

প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন বলেছেন, তিনি বিষয়টি হাউসে তুলবেন কিনা সে বিষয়ে এখনই কোনো প্রতিশ্রুতি দিচ্ছেন না।

চলমান সংকট ও জনজীবনে প্রভাব

৪০ দিন ধরে চলা শাটডাউন যুক্তরাষ্ট্রজুড়ে বিপর্যয় তৈরি করেছে। রোববারই এয়ারলাইন্সগুলো ৩৩০০-এর বেশি ফ্লাইট বাতিল করেছে এবং আরও ৭,০০০ ফ্লাইট বিলম্বিত হয়েছে।

ট্রেজারি সচিব শন ডাফি সিএনএন-কে বলেন, থ্যাংকসগিভিং ছুটির আগেই যদি সরকার পুনরায় চালু না হয়, তাহলে বিমান চলাচল প্রায় বন্ধ হওয়ার উপক্রম হবে।

অন্যদিকে, নিম্নআয়ের কোটি মানুষের খাদ্য সহায়তা কর্মসূচি বন্ধ হয়ে যাওয়ায় খাদ্য বিতরণে বড় ধরনের বিলম্ব ঘটেছে।

এছাড়া ওয়াশিংটন ডিসিতে ফেডারেল কর্মচারীরা বেতন না পেয়ে বিপাকে পড়েছেন।