নতুন বেতন কাঠামো নিয়ে সিদ্ধান্ত নেবে আগামী সরকার: অর্থ উপদেষ্টা

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণের সিদ্ধান্ত আগামী সরকার নেবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

রোববার সচিবালয়ে সরকারি ক্রয় ও অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

সালেহউদ্দিন আহমেদ বলেন, দেশে মূল্যস্ফীতি কিছুটা কমেছে, তবে খাদ্যবহির্ভূত খাতে দাম বেড়েছে। যাতায়াত খরচ ও বাড়িভাড়া বৃদ্ধির বিষয়টি তিনি স্বীকার করেন।

গত ২৭ জুলাই সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো প্রণয়নে একটি পে কমিশন গঠন করা হয়। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে গঠিত এই কমিশনকে ছয় মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

বর্তমানে প্রায় ১৫ লাখ সরকারি কর্মচারী ২০১৫ সালের পে-স্কেল অনুযায়ী বেতন পাচ্ছেন।

অর্থ উপদেষ্টা জানান, বাজার স্থিতিশীল রাখতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে-যেমন ইউরিয়া ও টিএসপি সার আমদানি এবং সেদ্ধ চাল আনার পদক্ষেপ।

৩০ নভেম্বর থেকে সরকার আমন ধান সংগ্রহ শুরু করবে; প্রতি কেজি ধান ৩৪ টাকা, আতপ চাল ৪৯ টাকা ও সেদ্ধ চাল ৫০ টাকায় কেনা হবে।

এবার সরকারের লক্ষ্য ৫০ হাজার মেট্রিক টন ধান ও আতপ চাল এবং ৬ লাখ মেট্রিক টন সেদ্ধ চাল সংগ্রহ করা।

আইএমএফ ঋণ বিষয়ে তিনি বলেন, চলমান ঋণ কর্মসূচির ষষ্ঠ কিস্তির বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার। আগামী ফেব্রুয়ারিতে আইএমএফ মিশন এসে পরিস্থিতি মূল্যায়ন করে সিদ্ধান্ত দেবে।

সালেহউদ্দিন আহমেদ জানান, আইএমএফ রাজস্ব বৃদ্ধি ও সামাজিক নিরাপত্তা খাতে ব্যয় বাড়ানোর পরামর্শ দিয়েছে।

তিনি বলেন, “আগামী সরকারকে আইএমএফ ঋণ ও সংস্কারের শর্ত বিষয়ে পূর্ণাঙ্গ ধারণা দিয়ে যাওয়া হবে।”