স্টাফ রিপোর্টার:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদে ‘নোট অব ডিসেন্ট’ বা ভিন্নমত বলে কোনো বিষয় থাকবে না। তিনি বলেন, “আমাদের মধ্যে যে ঐকমত্য হয়েছে, সেটিই থাকবে; বাকিটা জনগণ নির্ধারণ করবে। জনগণ যদি চায়, সেই সিদ্ধান্তই বাস্তবায়িত হবে।”
শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সম্মেলন কক্ষে ইউনিভার্সিটি টিচার্স ফোরামের (ইউটিএফ) আত্মপ্রকাশ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “আমরা গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আগামী নির্বাচনে যারা গণ-অভ্যুত্থানের অংশীদার ছিলেন, তাদের সবাইকে আগামী পার্লামেন্টে থাকা উচিত। সেই পার্লামেন্টই হবে সংস্কার পরিষদ, যেখানে নতুন সংবিধানের জন্য কাজ করা হবে।”
তিনি আরও বলেন, “শিক্ষক, তরুণ সমাজ, নারী, সংখ্যালঘু ও সমাজের বিভিন্ন পেশার মানুষ সবাই মিলে জুলাই সনদের বাস্তবায়নে ভূমিকা রাখবেন। এর আগে আমাদের বর্তমান দাবি হলো ‘গণভোট’। জুলাই সনদের ভিত্তিতে ড. মুহাম্মদ ইউনূসকে এই অর্ডার দিতে হবে।”
ইউনিভার্সিটি টিচার্স ফোরামের আত্মপ্রকাশ অনুষ্ঠানে ঘোষণাপত্র পাঠ করেন ফোরামের আহ্বায়ক অধ্যাপক মো. সিরাজুল ইসলাম এবং সদস্য সচিব অধ্যাপক শামীম হামিদী।
