bd vs sl: টাইগারদের উড়িয়ে এশিয়া কাপ শুরু লংকানদের

বাংলাদেশের দেয়া ১৪০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে শ্রীলংকা।

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে ৩২ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় নিশ্চিত করে আসালঙ্কার দল।

এই জয় শ্রীলংকার গ্রুপ পর্ব পেরুনোর লড়াইকে অনেকটাই সহজ করে দিয়েছে। অন্যদিকে বাংলাদেশের পরের পর্বে যাওয়ার সমীকরণ কঠিন হয়ে পড়েছে।

প্রথম ম্যাচে জয় পাওয়া বাংলাদেশের গ্রুপ পর্বের শেষ ম্যাচের প্রতিপক্ষ আফগানিস্তান।

বাংলাদেশের টার্গেট তাড়া করতে নেমে মোস্তাফিজের বলে ২য় ওভারেই ওপেনার কুশাল মেন্ডিসকে হারায় লংকানরা। উইকেট হারালেও শুরু থেকেই রানের গতি বাড়িয়ে চলে দলটি।

আরেক ওপেনার নিশাঙ্কা আউট হওয়ার আগে করেন ৩৪ বলে ৫০ রান। ৩ নম্বরে নামা কামিল মিশরা অপরাজিত থাকেন ৩২ বলে ৪৬ রান করে। ম্যাচ সেরার পুরস্কারও ওঠেছে তরুণ এই ব্যাটারের হাতে।

১৪.৪ ওভারে শ্রীলংকা ১৪০ রান তুলে নেয় ৪ উইকেট হারিয়ে। বাংলাদেশের পক্ষে ২ উইকেট নিয়েছেন মেহেদী হাসান।

এর আগে গ্রুপে নিজেদের ২য় ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ব্যাটিং ধ্বসের পর শেষের লড়াইয়ে ১৩৯ রানের সংগ্রহ পায় বাংলাদেশ ক্রিকেট দল।

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভাল হয়নি টাইগারদের। ১১ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে লিটন দাসরা।

পরে অধিনায়কের ২৮ রানের ইনিংসে ধ্বস ঠেকায় বাংলাদেশ। ৫৩ রানে পঞ্চম উইকেটে সাজঘরে ফিরেন লিটন দাস।

এরপর বাংলাদেশকে লড়াইয়ের পুঁজি এনে দেয় জাকের আলী অনিক ও শামীম হোসাইনের জুটি। এই জুটি ম্যাচ শেষ করে ১৩৯ রানে।

জাকের আলী ৩৪ বলে ৪১ রান ও শামীম হোসাইন ৩৪ বলে ৪২ রানে অপরাজিত থাকেন।

শ্রীলংকার হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন হাসারাঙ্গা।