পরীবাগে সড়ক অবরোধে ২০ জন, ভোগান্তিতে হাজারো পথচারী

জুলাই শহীদ পরিবারের সদস্যদের ব্যানারে একদল ব্যক্তি ঢাকার পরীবাগে সড়ক অবরোধ করেছেন।

এতে বাংলামোটর থেকে শাহবাগমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ায় ভোগান্তিতে পড়েছেন হাজারো পথচারী।

রোববার দুপুরে ঢাকার গুরুত্বপূর্ণ এই সড়কটি বন্ধ করে সেখানে জনা বিশেক আন্দোলনকারীকে অংশ নিতে দেখা যায়।

তারা উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করছেন।

আন্দোলনকারীদের অভিযোগ, সরকার কোটা আন্দোলনে হত্যায় জড়িতদের গ্রেপ্তার করছে না।

হত্যা মামলার আসামীদের জামিনে ছেড়ে দেয়া হচ্ছে অভিযোগ করে একজন আন্দোলনকারী বলেন, “তাহলে আমরা বিচার পাব কিভাবে? আসিফ নজরুল জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার করতে ব্যর্থ, আমরা একজন ব্যর্থ উপদেষ্টাকে পদে দেখতে চাই না।”

তবে আন্দোলনকারীরা রাস্তা বন্ধ করে দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন পথচারীরা। কয়েকজন মোটরসাইকেল চালককে আন্দোলনকারীদের সঙ্গে তর্কে জড়াতেও দেখা গেছে।

পথচারী মাসুম আউয়াল বলেন, “দাবি থাকলে তারা সরকারের সঙ্গে বুঝুক। ১০-১৫ মিলে হাজার হাজার মানুষকে কষ্ট দিচ্ছে- এরা কি মগের মুল্লুক পেয়ে গেছে?”

হত্যা মামলার আসামি যাত্রাবাড়ি থানার একজন পুলিশ সদস্য উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পর সম্প্রতি আন্দোলনকারীরা সচিবালয়ের সামনেও রাস্তা অবরোধ করেছিল।

সেসময় তারা আসিফ নজরুল পদত্যাগ না করলে রোববার আন্দোলনে নামার হুমকি দিয়েছিলেন।

এদিকে আন্দোলনকারীদের অভিযোগ উড়িয়ে আসিফ নজরুল বলেছেন, উচ্চ আদালত তার মন্ত্রণালয়ের অদীন নয়, ফলে কারও জামিনের দায় তার না।