থাইল্যান্ডে কম খরচের বডি ম্যাসাজে স্বাস্থ্যঝুঁকি

থাইল্যান্ড ভ্রমণে পর্যটকদের যেসব বিষয় আকর্ষণ করে, তার একটি হলো ম্যাসাজ নেয়া। খরচ বাঁচাতে অনেক পর্যটকই সস্তায় ম্যাসাজ নিতে গিয়ে স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন।

বিশেষ করে অপরিষ্কার পরিবেশ, বারবার ব্যবহার করা তেল ও অপর্যাপ্ত প্রশিক্ষণ থাকা কর্মীদের কারণে ত্বকে সংক্রমণসহ নানা ধরনের সমস্যার আশঙ্কা রয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, থাইল্যান্ডে মাত্র ৫ ডলারে ম্যাসাজ নেওয়ার পর এক পর্যটকের পায়ে বড় বড় লাল ফুসকুড়ি ও পুঁজ জমেছে। বিষয়টি নিয়ে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের জরুরি চিকিৎসাবিষয়ক চিকিৎসক জো হুইটিংটন।

তার মতে, ম্যাসাজের সময় ব্যবহৃত তেল পুনর্ব্যবহার করা হলে কিংবা পরিবেশ ও সরঞ্জাম অপরিষ্কার থাকলে সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, কমদামি ম্যাসাজ সেন্টারে কর্মীদের পর্যাপ্ত প্রশিক্ষণ নাও থাকতে পারে। এতে ত্বকের সংক্রমণের পাশাপাশি ভুল কৌশলে ম্যাসাজের কারণে জয়েন্ট বা স্নায়ুতে আঘাতের ঝুঁকিও তৈরি হতে পারে।

এ ছাড়া কিছু অনিবন্ধিত ম্যাসাজ ব্যবসার সঙ্গে অবৈধ কর্মকাণ্ড এমনকি মানবপাচারের যোগসূত্রও রয়েছে।

তাই পর্যটকদের ম্যাসাজ নেওয়ার ক্ষেত্রে শুধু কম দাম নয়, প্রতিষ্ঠানের লাইসেন্স, পরিচ্ছন্নতা, কর্মীদের প্রশিক্ষণ এবং ব্যবহৃত সরঞ্জামের স্বাস্থ্যবিধি বিবেচনা করার পরামর্শ দেওয়া হয়েছে।