কানাডাকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ‘সহযোগী সদস্য’ করার উদ্যোগকে কেন্দ্র করে ইউরোপের সঙ্গে নতুন করে বাণিজ্যিক উত্তেজনার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একটি ‘অনন্য জোট’ গড়ার চেষ্টা করছেন। এরই অংশ হিসেবে কানাডাকে ইইউর সহযোগী সদস্য করার প্রস্তাব নিয়ে আলোচনা চলছে।
তবে এ উদ্যোগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প এটিকে ‘হাস্যকর’ বলে মন্তব্য করেছেন।
ট্রাম্প বলেন, কানাডাকে ইইউর সহযোগী সদস্য করার বিষয়টি যদি যুক্তরাষ্ট্রের প্রতি ‘বৈরী পদক্ষেপ’ হিসেবে বিবেচিত হয়, তাহলে তিনি ইউরোপের ওপর ‘খুব গুরুতর শুল্ক’ আরোপ করতে পারেন।
এমনকি ইউরোপের সঙ্গে বাণিজ্য বন্ধ করে দেওয়ার হুমকিও দিয়েছেন ট্রাম্প।
সম্প্রতি কানাডার পণ্যের ওপর শুল্ক বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। এর জবাবে কানাডাও মার্কিন পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপ করেছে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক যুদ্ধের মধ্যে নতুন মিত্র খুঁজছে কানাডা।
ইইউর ইতিহাসে এর আগে কোনো দেশকে এ ধরনের ‘সহযোগী সদস্য’ মর্যাদা দেওয়া হয়নি। ফলে বাস্তবে এই মর্যাদার আওতায় কানাডা কী ধরনের সুবিধা বা সম্পর্ক পাবে, সেটিও এখনো স্পষ্ট নয়।
