২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে শেষবারের মতো একসাথে মাঠে নামতে দেখা যাবে ইতিহাসের সেরা কয়েকজন মহাতারকাকে। ফলে আসর শুরুর আগেই ফুটবল বিশ্বে সবচেয়ে বড় আলোচনার বিষয় হলো, কে এখন সত্যিকারের গ্লোবাল সুপারস্টার- লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো নাকি কিলিয়ান এমবাপ্পে?
পরিসংখ্যান ও প্রভাব বিশ্লেষণ অনুযায়ী, সব ক্ষেত্রে এককভাবে কেউই শ্রেষ্ঠত্ব দাবি করতে পারবেন না। বর্ষিয়ান দুই ফুটবলার সঙ্গে সমানে সমানে লড়াই করছেন অপেক্ষাকৃত তরুণ এমবাপ্পে।
মেসি যেখানে এগিয়ে
যুক্তরাষ্ট্র বিশ্বকাপে দেখা যাচ্ছে, টিকিট বিক্রির দিক থেকে সবচেয়ে বেশি আগ্রহ তৈরি হয়েছে মেসিকে ঘিরে। তার আর্জেন্টিনা দলের ম্যাচগুলো প্রথম দিকেই সোল্ড আউট হয়ে গেছে। এই বিশ্বকাপে মেসির উপস্থিতি ভক্তদের মধ্যে বিশাল চাহিদা তৈরি করেছে। ফলে দর্শক টানার ক্ষমতায় বাকি দুইজনের তুলনায় সামান্য এগিয়ে আছেন মেসি।
পারফরম্যান্সে সেরা এমবাপ্পে
পরিসংখ্যান ও মাঠের পারফরম্যান্সের দিকে তাকালে এমবাপ্পে এগিয়ে। কম ম্যাচ খেলেও তিনি গোলের দিক থেকে অত্যন্ত কার্যকর এবং গড়ে গোল করার হারও অন্য দুই তারকার তুলনায় বেশি। একই সঙ্গে ক্লাব ফুটবলেও ইউরোপের শীর্ষ লিগে তার ধারাবাহিক পারফরম্যান্স তাকে বর্তমান প্রজন্মের সবচেয়ে ভয়ঙ্কর ফরোয়ার্ড হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
পিছিয়ে নেই রোনালদো
জনপ্রিয়তা, সার্চ ট্রেন্ড এবং সোশ্যাল মিডিয়া উপস্থিতির দিক থেকে আবার রোনালদো এখনও শীর্ষে। বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সার্চ হওয়া ফুটবলার হিসেবে তিনি দীর্ঘদিন ধরে আধিপত্য ধরে রেখেছেন এবং সোশ্যাল মিডিয়ায় তার ফলোয়ার সংখ্যাও অন্য সবার চেয়ে অনেক বেশি। পাশাপাশি আয় ও ব্র্যান্ড ভ্যালুর দিক থেকেও তিনি এখনো সবচেয়ে এগিয়ে থাকা ক্রীড়াবিদদের একজন।
সব মিলিয়ে দেখা যাচ্ছে, তিনজনের মধ্যে নেতৃত্ব একেক ক্ষেত্রে একেকজনের হাতে। রোনালদো এগিয়ে আছেন জনপ্রিয়তা ও বাণিজ্যিক প্রভাবের দিক থেকে, মেসি এগিয়ে আছেন দর্শক টানার আবেগ ও টিকিট চাহিদায়, আর এমবাপ্পে এগিয়ে আছেন মাঠের পারফরম্যান্স ও ভবিষ্যতের তারকা হিসেবে।
তবে ২০২৬ বিশ্বকাপে শেষ পর্যন্ত কার গ্লোবাল আধিপত্য প্রতিষ্ঠিত হবে, তা অনেকটাই নির্ভর করবে টুর্নামেন্টের পারফরম্যান্সের ওপর।
