যুদ্ধবিরতির মধ্যে ইরানে ইসরাইলের হামলা, ফের উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক:
ইরান-ইসরাইল সংঘাত আবারও নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। যুদ্ধবিরতির প্রচেষ্টা চললেও সোমবার ভোরে ইরানের রাজধানী তেহরান, তাবরিজ ও ইসফাহান শহরে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

ইসরাইলি বাহিনী ইরানের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে।

এর আগে ইরান উত্তর ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। তেহরানের দাবি, লেবাননে ধারাবাহিক হামলার মাধ্যমে ইসরাইল যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এর জবাবে ইরান এই হামলা চালায়।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন বলে জানা গেছে।

ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিনিই মূল ভূমিকা পালন করছেন।

সংঘাতের নতুন এই পর্যায়ে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলেও ইসরাইলি হামলা হয়েছে। এতে অন্তত দুইজন নিহত এবং ২০ জন আহত হয়েছেন।

অন্যদিকে কানাডা গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছে, নতুন করে সংঘাত শুরু হওয়া চলমান শান্তি আলোচনা ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন, উত্তেজনা প্রশমিত করা এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষার আহ্বান জানিয়েছে।

মধ্যপ্রাচ্যে পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে। নতুন এই সংঘাত শান্তি আলোচনাকে কতটা প্রভাবিত করবে, তা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।