চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে ফিরেছে নাসার আর্টেমিস-২ মিশনের নভোচারীরা

আন্তর্জাতিক ডেস্ক:
বিরল এক ইতিহাসের সাক্ষী হল পুরো বিশ্ব। চাঁদ ঘুরে পৃথিবীতে ফিরেছে নাসার ঐতিহাসিক আর্টেমিস-২ মিশনের নভোচারীরা। ১০ দিনের এই অভিযানের শেষ ধাপ সম্পন্ন হয় আজ।

চার নভোচারী নাসার রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার ও ক্রিস্টিনা কোচ এবং কানাডিয়ান স্পেস এজেন্সির জেরেমি হ্যানসেন পৃথিবীতে ফিরেছেন।

এই মহাকাশযান পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে বাংলাদেশ সময় শনিবার সকাল ৫টা ৫৩ মিনিটে এবং প্রশান্ত মহাসাগরের পানিতে অবতরণ করে শনিবার সকাল ৬টা ৭ মিনিটে।

মহাকাশযানটি ঘণ্টায় প্রায় ২৫ হাজার মাইল গতিতে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে এবং প্যারাশুট সিস্টেমের মাধ্যমে ধীরে ধীরে গতি কমিয়ে প্রশান্ত মহাসাগরের ক্যালিফোর্নিয়া উপকূলে সান ডিয়েগোর সাগরের পানিতে অবতরণ করে।

পানিতে অবতরণের পর মার্কিন নৌবাহিনীর ডাইভার এবং মেডিকেল দল মহাকাশযান থেকে ৪ নভোচারীকে নিরাপদে বের করে আনেন।

এই মিশনে নভোচারীরা চাঁদের অদৃশ্য পাশ ঘুরে ইতিহাস গড়েছেন। যেখানে মানুষের আগে কখনো এত দূরে যাওয়া হয়নি। তারা মহাকাশে সূর্যগ্রহণ প্রত্যক্ষ করেছেন এবং নানা বৈজ্ঞানিক পরীক্ষা সম্পন্ন করেছেন।