বিসিবি: বুলবুলের বোর্ড ভেঙে নেতৃত্ব দেয়া হলো তামিমকে

বিসিবিতে নানা অনিয়ম ও নির্বাচনী কারসাজির অভিযোগে বর্তমান কমিটি বিলুপ্ত করা হয়েছে। বাংলাদেশ ক্রিকেটে প্রশাসনিক অস্থিরতার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড-এর জন্য ১১ সদস্যের একটি এডহক কমিটি গঠন করা হয়েছে, যার নেতৃত্বে আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

মঙ্গলবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল আহসান এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নবগঠিত এই কমিটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে তিন মাস।

বিসিবিতে নানা অনিয়ম ও নির্বাচনী কারসাজির অভিযোগ ঘিরে সাম্প্রতিক সময়ে আলোচনা-সমালোচনা তীব্র হয়।

এ প্রেক্ষাপটে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অনুমোদনে গত মাসে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বে গঠিত ওই কমিটি রোববার তাদের প্রতিবেদন জমা দেয়।

এরপর দ্রুত পদক্ষেপ নেয় এনএসসি। বিলুপ্ত করা হয় আগের কমিটি, যেখানে সভাপতির দায়িত্বে ছিলেন আমিনুল ইসলাম বুলবুল।

নতুন এডহক কমিটিতে সভাপতির পাশাপাশি সদস্য হিসেবে রাখা হয়েছে দেশের ক্রীড়া ও ক্রিকেট অঙ্গনের বিভিন্ন ব্যক্তিত্বকে। এর মধ্যে রয়েছেন মিনহাজুল আবেদিন নান্নু, আতহার আলি খান, সালমান ইসপাহানিসহ আরও কয়েকজন।