হরমুজ প্রণালীতে বাংলাদেশের জাহাজে ছাড় দেয়ার আশ্বাস ইরানের

মধ্যপ্রাচ্যে অস্থিরতার মধ্যে হরমুজ প্রণালী বন্ধ করে দিলেও বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজে ছাড় দেয়ার আশ্বাস দিয়েছে ইরান।

দেশটি বলছে, তারা বাংলাদেশকে বন্ধু রাষ্ট্র হিসেবে দেখে এবং ইরানের সরকার এই অঞ্চলে তাদের মুসলিম ভাইদের কষ্ট দিতে চায় না।

বুধবার ঢাকার দূতাবাসে তেহরানের রাষ্ট্রদূত জালিল রাহিমি জাহানাবাদী জানিয়েছেন, পারস্য উপসাগরে থাকা বাংলাদেশের ছয়টি জাহাজ পার করার প্রক্রিয়া চলছে।

ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার পরই হরমুজ প্রণালী বন্ধ করে দেয় তেহরান। সামুদ্রিক এই পথ দিয়েই বিশ্বের ২০ শতাংশ জ্বালানি সরবরাহ হয়।

যুদ্ধ পরিস্থিতি দীর্ঘায়িত হওয়ায় অন্যান্য দেশের মত বাংলাদেশেও জ্বালানি ব্যবস্থাপনার চাপ বেড়েছে।

বিশ্ববাজারে জ্বালানি সংকটে দাম বেড়ে যাওয়ার মধ্যে বন্ধু রাষ্ট্রগুলোকে ছাড় দেয়ার বার্তা দেয় তেহরান। এ তালিকায় বাংলাদেশের নামও আসে।

এর মধ্যে ঢাকা ছয়টি জাহাজ হরমুজ প্রণালী পার করে দিতে ইরানকে সহায়তার অনুরোধ জানায়।

এই প্রক্রিয়ায় দেরি হওয়ার বিষয়ে ইরানের রাষ্ট্রদূত জানান, জাহাজগুলো চিহ্নিত করতেই অনেকটা সময় লেগে গেছে।

“এখন প্রক্রিয়া শুরু হয়েছে। আশা করি, জাহাজগুলো দ্রুত হরমুজ প্রণালী পার হবে।”