চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালিকে নীল বেদনায় ডুবিয়ে ২০২৬ বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে বসনিয়া।
ইউরোপিয়ান প্লে-অফে বসনিয়ার কাছে টাইব্রেকারে হেরে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছে ইতালি।
অতিরিক্ত সময় শেষে ম্যাচ ১-১ গোলে সমতায় থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে ৪-১ ব্যবধানে জয় পায় বসনিয়া। নির্ধারিত সময়ের প্রথমার্ধেই ১০ জনে নেমে যাওয়ায় ইতালি শেষ পর্যন্ত চাপ সামলাতে পারেনি।
ম্যাচের ১৫তম মিনিটে দুর্দান্ত ফিনিশে ইতালিকে এগিয়ে দেন মইজে কেন। তবে প্রথমার্ধের শেষদিকে বড় ধাক্কা খায় তারা- ডিফেন্ডার আলেসান্দ্রো বাস্তোনি সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।
এরপর দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণে চাপ তৈরি করে বসনিয়া। শেষ পর্যন্ত কর্নার থেকে আসা বলের সুযোগ কাজে লাগিয়ে সমতা ফেরান হ্যারিস টাবাকোভিস।
টাইব্রেকারে ইতালি তাদের প্রথম ও তৃতীয় শট মিস করে। বিপরীতে বসনিয়া চারটি শটেই সফল হয়ে জয় নিশ্চিত করে।
এই জয়ে বসনিয়া ২০২৬ বিশ্বকাপের গ্রুপ ‘বি’ তে জায়গা করে নিয়েছে, যেখানে তাদের প্রতিপক্ষ হবে কানাডা, সুইজারল্যান্ড এবং কাতার।
অন্যদিকে ইতালি ইতিহাসে প্রথমবারের মতো টানা তিনটি বিশ্বকাপে খেলতে ব্যর্থ হলো। সর্বশেষ তারা বিশ্বকাপ জিতেছিল ২০০৬ সালে।
এদিকে ২০১৪ সালের পর আবারও বিশ্বকাপের মঞ্চে ফিরছে বসনিয়া।
