যুক্তরাষ্ট্রের জন্য নিজেদের আকাশসীমা নিষিদ্ধ করলো স্পেন

আন্তর্জাতিক ডেস্ক:
ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরাইলের চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে স্পেন।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী মার্গারিতা রোব্লেস সোমবার এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্পেনের সংবাদমাধ্যম -এর বরাতে জানা যায়, শুরু থেকেই যুক্তরাষ্ট্রকে স্পষ্টভাবে জানানো হয়েছিল যে, ইরান যুদ্ধ সংক্রান্ত কোনো সামরিক অভিযানে স্পেনের আকাশসীমা বা যৌথ সামরিক ঘাঁটি ব্যবহার করা যাবে না।

প্রতিরক্ষামন্ত্রী রোব্লেস বলেন, ‘এটি শুরু থেকেই মার্কিন সামরিক বাহিনীকে পরিষ্কারভাবে জানানো হয়েছে। তাই এই যুদ্ধে স্পেনের ঘাঁটি কিংবা আকাশসীমা ব্যবহারের কোনো অনুমতি নেই।’ তিনি ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে ‘গভীরভাবে অবৈধ ও অন্যায়’ বলেও উল্লেখ করেন।

এর আগে স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজও যুক্তরাষ্ট্রকে দেশটির রোটা ও মোরন সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেননি।

ফলে যুক্তরাষ্ট্রের অন্তত ১৫টি সামরিক বিমান অন্যত্র সরিয়ে নিতে হয়েছে। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাদ্রিদের সঙ্গে বাণিজ্য সম্পর্ক ছিন্ন করার হুমকিও দেন।

স্পেনের বামপন্থী সরকার শুরু থেকেই মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক পদক্ষেপের কড়া বিরোধিতা করে আসছে। ইউরোপীয় ইউনিয়ন যেখানে কেবল উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছে, সেখানে স্পেন সরাসরি এই যুদ্ধের বিরোধিতা করেছে।

এর আগে প্রধানমন্ত্রী সানচেজ বলেন, ‘এইভাবেই মানবজাতির বড় বিপর্যয়গুলো শুরু হয়। বিশ্ব তার সমস্যার সমাধান যুদ্ধ বা বোমা দিয়ে করতে পারে না।’

উল্লেখ্য, গাজায় ইসরাইলের সামরিক অভিযানেরও কড়া সমালোচক স্পেন। ২০২৪ সালের মে মাসে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পর ইসরাইল স্পেন থেকে তাদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেয়। পরবর্তীতে স্পেনের পার্লামেন্ট ইসরাইলের বিরুদ্ধে পূর্ণ অস্ত্র নিষেধাজ্ঞাও অনুমোদন করে।