দৌলতদিয়া দুর্ঘটনা: পদ্মায় বাস ডুবে নিহত ২৬

দৌলতদিয়া ফেরি ঘাটে বাস ডুবির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে।

রাতে পানির নীচ থেকে বাসটি তোলার পরই মৃতের সংখ্যা বাড়তে থাকে। নিহতদের বেশিরভাগই নারী।

বুধবার সন্ধ্যায় ডুবে যাওয়া সৌহার্দ্য পরিবহনের বাসটি ৬ ঘণ্টা পর মধ্যরাতে উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যাওয়া বাসটিতে অর্ধশত যাত্রী ছিলেন।

ঘটনার পরপরই বেশ কয়েকজন যাত্রী সাঁতরে উপরে ওঠে এলেও এখনো অনেকেই নিখোঁজ রয়েছেন।