বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশের দাবিতে সাত কলেজের শিক্ষার্থীদের অবস্থান

দ্রুত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে ঢাকার সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখাচ্ছে সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা।

সোমবার বেলা ১১টার দিকে শিক্ষা ভবন এলাকায় শিক্ষার্থীদের জড়ো হতে দেখা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জমায়েত বাড়তে থাকে। ফলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

নানা জটিলতার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন থেকে সরকারি সাত কলেজকে বের করে নতুন স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যােগ নিয়েছে সরকার।

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির খসড়া অধ্যাদেশের উপর সরকার ইতোমধ্যে ৬ হাজারের বেশি মতামত সংগ্রহ করেছে। এসব পরামর্শ বিশ্লেষণ করে অংশীজনদের সঙ্গে বৈঠক করে চূড়ান্ত অধ্যাদেশ জারির বিষয়ে ভাবছে শিক্ষা মন্ত্রণালয়।

তবে শিক্ষার্থীরা বলছেন, এসব প্রক্রিয়ার নামে মন্ত্রণালয় সময়ক্ষেপণ করছে। তারা চান দ্রুত চূড়ান্ত অধ্যাদেশ জারি করা হোক।

আন্দোলনে নামা সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী ফরিদুর রহমান বাংলা ইনসাইট টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা জানতে চাই কবে তারা এটা প্রকাশ করবে। এ বিষয়ে স্পষ্ট ঘোষণা ছাড়া আমরা রাস্তা ছাড়বো না।”

কয়েকশ’ শিক্ষার্থীকে এসময় অধ্যাদেশের পক্ষে নানা স্লোগান দিতে দেখা যায়।

সরকারকে সতর্ক করে ঢাকা কলেজের শিক্ষার্থী জামিল আহমেদ বাংলা ইনসাইট টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সরকারের সাড়া না পেলে আমরা আরও কঠোর কর্মসূচি দিব। কারণ, তারা টালবাহানা করছে।”

শিক্ষার্থীদের সচিবালয়ের দিকে যাওয়া ঠেকাতে আইনশৃঙ্খলাবাহিনীকে রাস্তায় ব্যারিকেড দিয়ে অবস্থান নিতে দেখা যায়। প্রস্তুত রাখা হয়েছে সাজোয়া যান ও জলকামান।