১ বছরে সড়কে দেড় হাজার আন্দোলন: স্বরাষ্ট্র উপদেষ্টা


অন্তর্বর্তী সরকারের মেয়াদে আন্দোলন ও  বিক্ষোভের নামে এ পর্যন্ত ১৬০৪ টি সড়ক অবরোধ হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। ১২৩টি সংগঠন এ অবরোধ করেছে বলেও জানান তিনি।

  দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব তথ্য জানান।
উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর ঢাকা ও এর আশপাশের রাস্তায় ১ হাজার ৬ শত ৪টি অবরোধ সংঘটিত হয়েছে। এসব অবরোধ করেছে ১২৩টি সংগঠন। এর ফলে রাস্তায় যানজটের সৃষ্টি হয়ে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে।

তিনি বলেন, আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে এর আগেও অনুরোধ করা হয়েছে সোহরাওয়ার্দী উদ্যান বা রাজধানীর সুনির্দিষ্ট জায়গা যেখানে মাঠ রয়েছে- সেখানে এসব সমাবেশ বা আন্দোলন করতে যাতে কোনো জনদুর্ভোগ না ঘটে। তিনি আরো বলেন, সবারই দাবি-দাওয়া থাকতে পারে। প্রতিবাদ করার অধিকার সবার রয়েছে, কিন্তু সেটা যেন জনদুর্ভোগ সৃষ্টি না করে।