রাশিয়ার জ্বালানি তেল আমদানিতে মার্কিন নিষেধাজ্ঞা থেকে ছাড় পেল হাঙ্গেরি

আন্তর্জাতিক ডেস্ক:

হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান জানিয়েছেন, তাঁর দেশ রাশিয়ান জ্বালানির ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা থেকে ছাড় পেয়েছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকের পর তিনি একথা জানান।

অরবান বলেন, ট্রাম্প প্রশাসন তুর্কস্ট্রিম গ্যাস পাইপলাইন ও দ্রুজবা তেল পাইপলাইনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ফলে এই দুই উৎস থেকে রাশিয়ার তেল ও গ্যাস আমদানি চালিয়ে যেতে পারবে হাঙ্গেরি।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা পরে রয়টার্সকে জানান, হাঙ্গেরিকে এক বছরের জন্য এই ছাড় দেওয়া হয়েছে। হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজিয়ার্তো এক পোস্টে বলেন, এই সিদ্ধান্ত হাঙ্গেরির জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করবে।

এছাড়া অরবান জানান, হাঙ্গেরি এখন থেকে যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়েস্টিংহাউস ইলেকট্রিক কোম্পানি থেকে পারমাণবিক জ্বালানি কিনবে, যা পাকস পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত হবে।

ইউক্রেন যুদ্ধ নিয়ে অরবান বলেন, ট্রাম্প যুদ্ধের অবসান চান, কিন্তু ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনের সামরিক বিজয়ের ওপর জোর দিচ্ছে, তাঁর মতে বাস্তবসম্মত নয়।

রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক এবং ইউরোপীয় নীতির বিরোধিতা করে অরবান বরাবরই পশ্চিমা রাজনীতিতে সমালোচিত। তবে মার্কিন ছাড় পাওয়াকে তিনি বড় কূটনৈতিক সাফল্য হিসেবে দেখছেন।