ভারতের বিহারে বিধানসভা নির্বাচনে ব্যাপক ব্যবধানে জয় পেয়েছে জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ)। ২৪৩ সদস্যের বিধানসভায় এনডিএ পেয়েছে ২০২টি আসন, আর বিরোধীদল মহাগঠবন্ধন জোট পেয়েছে মাত্র ৩৫টি।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, নারী ভোটার ও তরুণদের ব্যাপক সমর্থন এবং সুপরিকল্পিত পরিকল্পনায় এনডিএ জোটের এমন জয়।
ফল ঘোষণার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, কিছু দল পুরোনো ‘এম-ওয়াই’ সমীকরণের রাজনীতি করেছিল, কিন্তু এবার নারী ও যুবরা নতুন ‘এম-ওয়াই’ এর ভিত্তি গড়ে দিয়েছে। তিনি আরও দাবি করেন, বিহারের এই ভোট-বার্তা পশ্চিমবঙ্গেও পরিবর্তনের পূর্বাভাস দিয়ে গেল।
কে কত আসন পেল-
বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট পেয়েছে ২০২ আসন। এরমধ্যে বিজেপি ৮৯, জেডিইউ (নীতীশ কুমার) ৮৫, এলজেপি (রামবিলাস) ১৯, হাম ৫ এবং আরএলএম ৪টি আসন।
অন্যদিকে প্রতিদ্বন্দী মহাগঠবন্ধন জোট পেয়েছে ৩৫টি আসন। এরমধ্যে আরজেডি ২৫, কংগ্রেস ৬, সিপিএম ১, সিপিআই ২, আইআইপি ১টি ।
২০২০ সালে ৭৫ আসন পাওয়া আরজেডি এবার পেয়েছে মাত্র ২৫টি। ফলে তারা বিরোধীদলীয় নেতা পদ পাওয়ার যোগ্যতাও হারাতে পারে।
মহাগঠবন্ধনের মুখ্যমন্ত্রী প্রার্থী তেজস্বী যাদব নিজের আসন রাঘোপুরে জিতেছেন ঠিকই, তবে সারাদিন ধরে হয়েছে উত্তেজনাপূর্ণ লড়াই। ফলাফলের ওঠানামা ছিল নাটকীয়।
২০২০-এ প্রথমবার বিজেপি জেডিইউ কে ছাপিয়ে জোটের প্রধান শক্তি হয়ে ওঠে। এবার দুই দলই ১০১টি আসনে লড়লেও জেডিইউ বড়সড় প্রত্যাবর্তন করেছে। ৪৩ আসন থেকে ৮৫ এ উন্নীত হয়েছে।
তবে সংখ্যায় এগিয়ে থাকল মোদির বিজেপি।
