কমিউনিস্ট আখ্যা দেওয়া আলোচিত মেয়র মামদানির সঙ্গে ট্রাম্পের বৈঠক

কমিউনিস্ট আখ্যা দেওয়া নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে, আলোচনায় উত্তপ্ত বাক্যের স্থানে সৌহার্দ্যপূর্ণ সর্ম্পকই দেখা গেলো। রাজনৈতিক আক্রমণ প্রতিআক্রমণের ইতিহাস ভুলে দু’জনই নিউইয়র্কবাসীর জন্য একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিলেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে হঠাৎ আলোচিত নিউইয়র্কের মেয়র জোহরান মামদানিকে আমন্ত্রণ জানান। মামদানিও সেই আমন্ত্রণে ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে হাজির হোয়াইট হাউসে। স্থানীয় সময় শুক্রবার বিকেল তিনটার দিকে বৈঠক করেন তারা।

তবে, বছরের সবচেয়ে আলোচিত এই রাজনৈতিক বৈঠকে ছিল না কোনও উত্তেজনা কিংবা তর্কাতর্কি। বরং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি ওভাল অফিসে দাঁড়িয়ে একে অপরের প্রশংসায় মাতলেন।

এছাড়া আরেকটা চমকপ্রদ বিষয় হলো নির্বাচনী প্রচারে যিনি ট্রাম্পকে বলেছিলেন ‘স্বৈরশাসক’ আর যাকে ট্রাম্প বলেছিলেন ‘কমিউনিস্ট’ আজ সেই দু’জনের কণ্ঠেই শোনা গেল এক সুর। সেটা হলো নিউইয়র্কের মানুষের জন্য একসাথে কাজ করা।
সারফেস

কয়েকমাস আগেও পরিস্থিতি ভিন্ন থাকলেও বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ট্রাম্প বললেন, মামদানি একজন দুর্দান্ত মেয়র হবেন। তিনি বিশ্বাস করেন মামদানি খুব ভালো কাজ করতে পারবেন।

অন্যদিকে মেয়র মামদানি বলেন, আমাদের মতপার্থক্য অনেক। কিন্তু নিউইয়র্কবাসীর জীবনমান উন্নয়নের প্রশ্নে আমরা একই জায়গায় দাঁড়াতে পারি।

তবে বিশেষজ্ঞরা বলছেন, নিউইয়র্কবাসীর জীবনযাত্রার ব্যয় কমাতে ট্রাম্প-মামদানির এই যৌথ প্রতিশ্রুতি সত্যিই বাস্তব রূপ নেবে কি না সেটি জানা যাবে আগামী ১লা জানুয়ারি মামদানির দায়িত্ব গ্রহণের পরই।