এশিয়া অঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:

ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া এবং শ্রীলঙ্কাসহ এশিয়ার বেশ কয়েকটি দেশে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে প্রায় ১২০০ জনে দাঁড়িয়েছে।

এছাড়া এই বন্যায় এখনও অনেকে নিখোঁজ রয়েছেন। তাদের খোঁজে কাজ অব্যাহত রয়েছে। টানা মৌসুমী বর্ষণ ও ক্রান্তীয় ঝড় সাম্প্রতিক সপ্তাহে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালালে মর্মান্তিক ঘটনা ঘটে।

এশিয়া অঞ্চলে বন্যা ও ভূমিধস সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রা এলাকায়। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা-বিএনপিবি জানিয়েছে শুক্রবার পর্যন্ত মৃত্যু ৬৩১ জনের। নিখোঁজ রয়েছেন অন্তত ৮০ জনের মতো। ক্ষতিগ্রস্ত হাজারো পরিবার ঘরছাড়া হয়ে আশ্রয়কেন্দ্রে রয়েছে।

ভয়াবহ পানির কারনে বেশ কিছু এলাকায় এখনও উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারেনি। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, খাবার ও খাবারযোগ্য পানিও শেষ হয়ে গেছে। বহু এলাকায় মোবাইল নেটওয়ার্ক ও বিদ্যুৎ বিচ্ছিন্ন। ভূমিধসের কারণে প্রধান প্রধান সড়কে যান চলাচলও বন্ধ রয়েছে।

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে বন্যায় এখন পর্যন্ত মারা গেছে প্রায় ২শ’ জন। সরকারি হিসেবে ক্ষতিগ্রস্ত ৩৫ লাখ মানুষ। কিছু শহরে বৃষ্টি থামলেও রাস্তায় এখনও হাঁটুসমান পানি। বহু পরিবার বিদ্যুৎবিহীন।

মালয়েশিয়ায় ভারি বৃষ্টির শঙ্কা এখনো রয়ে গেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, থাইল্যান্ডের বন্যাকবলিত হোটেল থেকে প্রায় দেড় হাজার মালয়েশিয়ানকে উদ্ধার করা হয়েছে।

শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ও ভারি বর্ষণে ৩৯০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। পাহাড়ি ঢলে বহু অঞ্চল বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান চলছে।

ক্রান্তীয় ঝড় ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এশিয়ার বিস্তীর্ণ অঞ্চল এখনও ঝুঁকিতে। পরিস্থিতি স্বাভাবিক হতে আরও সময় লাগবে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন।