ইরানে সরকারবিরোধী ব্যাপক বিক্ষোভ

জীবনযাত্রার ব্যয় কমানোর দাবি প্রাণঘাতি লড়াইয়ে রূপ নেয়ার পর ইরানে এখন সরকারবিরোধী ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।

দেশটির রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় নেমেছে। গত কয়েক বছরের মধ্যে এটিকে ইরানে সবচেয়ে বড় আন্দোলন হিসেবে দেষা হচ্ছে।

বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় তেহরান ও দেশের দ্বিতীয় বৃহত্তম শহর মাশহাদে শান্তিপূর্ণ বিক্ষোভ হয়। নিরাপত্তা বাহিনীও বিক্ষোভকারীদের বাধা দেয়নি।

স্থানীয় সূত্রগুলো বলছে, এই বিক্ষোভের পরই দেশজুড়ে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয় ইরান সরকার।

ইন্টারনেট পর্যবেক্ষক সংস্থা নেটব্লকসও জানিয়েছে, ইরানে বর্তমানে দেশজুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউটের মধ্যে রয়েছে।

কয়েকটি ভিডিও ফুটেজে, বিক্ষোভকারীদের ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পতনের দাবি জানাতে শোনা যায়। একই সঙ্গে তারা নির্বাসিত নেতা রেজা পাহলাভির প্রত্যাবর্তনের আহ্বান জানান।

মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী, টানা ১২ দিন ধরে চলা এই আন্দোলন ইরানের ৩১টি প্রদেশের শতাধিক শহরে ছড়িয়ে পড়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস অ্যাকটিভিস্ট নিউজ এজেন্সি জানিয়েছে, এ পর্যন্ত অন্তত ৩৪ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন, যাদের মধ্যে ৫ জন শিশুও রয়েছে।

তবে নরওয়েভিত্তিক সংস্থা ইরান হিউম্যান রাইটস জানিয়েছে, নিরাপত্তাবাহিনীর গুলিতে ৮ শিশুসহ অন্তত ৪৫ জন নিহত হয়েছে।

বিবিসি পার্সিয়ান নিহতদের ২২ জনের পরিচয় নিশ্চিত হওয়ার তথ্য দিয়েছে। এছাড়া আটক করা হয়েছে প্রায় আড়াই হাজার বিক্ষোভকারীকে।

আর ইরান সরকার জানিয়েছে, বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে সরকারি বাহিনীর ৬ জন সদস্য মারা গেছেন।

বিক্ষোভ শুরুর আগে ইরানের নির্বাসিত নেতা রেজা পাহলাভি জনগণকে রাস্তায় নামার আহ্বান জানিয়েছিলেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, লাখো ইরানি চলমান কঠোর ইসলামী শাসনব্যবস্থা থেকে মুক্ত হতে চায়।

গত ২৮ ডিসেম্বর ইরানি মুদ্রা রিয়ালের ব্যাপক পতনের প্রতিবাদে প্রথম বিক্ষোভ শুরু হয়।

1 thought on “ইরানে সরকারবিরোধী ব্যাপক বিক্ষোভ”

Comments are closed.