লতিফ সিদ্দিকী কোথায়?

ঢাকায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে মবের শিকার হওয়া লতিফ সিদ্দিকী আইনশৃঙ্খলাবাহিনীর হেফাজতে আছেন।

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী মঞ্চ ৭১ এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে এসে মবের শিকার হন।

গত বছর বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তন হওয়ার পর নিয়মিতই মবের ঘটনা ঘটছে।

মব তৈরি করে হত্যার মত ঘটনা ঘটলেও তা নিয়ন্ত্রণে দক্ষিণ এশিয়ার দেশটির সাময়িক সরকারের ভূমিকা নিয়ে সমালোচনা রয়েছে।

বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মুক্তিযোদ্ধাদের প্লাটফর্ম মঞ্চ ৭১ এর আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হলে সেখানে একদল ব্যক্তি লাঠি হাতে হামলা চালায়।

তারা অনুষ্ঠানে আসা বেশ কয়েকজনকে মারধরও করেন। একপর্যায়ে অনুষ্ঠানের অতিথি লতিফ সিদ্দিকীকেও তারা ঘিরে ধরে।

পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে তাকেসহ কয়েকজনকে উদ্ধার করে নিয়ে যায়।

ঢাকার গোয়েন্দা পুলিশের একজন সদস্য বাংলা ইনসাইট টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, লতিফ সিদ্দিকী এখন তাদের হেফাজতে রয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদ করে পরবর্তী ব্যবস্থা নেয়া হতে পারে।

গেল ৫ আগস্ট আইনজীবী জেড আই খান পান্নার নেতৃত্বে মঞ্চ ৭১ যাত্রা শুরু করে। সংগঠকরা বলছেন, মুক্তিযুদ্ধের বিকৃতি রোধ ও মুক্তিযোদ্ধাদের মর্যাদা রক্ষায় সংগঠনটি কাজ করবে।