জাকির নায়েককে নিয়ে ভারতের আপত্তি কোথায়?

ধর্মীয় বক্তা জাকির নায়েকের ঢাকায় আসার খবরে ভারতে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

নয়াদিল্লি আশা করছে, বাংলাদেশ তাকে ভারত সরকারের হাতে তুলে দিবে।

দুই দিনের সফরে জাকির নায়েকের ২৮ নভেম্বর ঢাকায় আসার সূচি রয়েছে।

ভারত কেন জাকির নায়েককে ফেরত চায়?

ভারত এবং ভারতের বাইরে বিশেষ করে মধ্যপ্রাচ্য, বাংলাদেশ, পাকিস্তান, মালয়েশিয়ার মতো দেশে জাকির নায়েকের লাখ লাখ অনুসারী আছে।

ধারণা করা হয়, মুসলিম তরুণদের একটি অংশের উপর তার ব্যাপক প্রভাব রয়েছে, যারা অনলাইনে তার বক্তব্য শুনেন।

তবে ভারত সরকার তাকে বিবেচনা করে- একজন উগ্রবাদী বক্তা হিসেবে। তিনি তার বক্তব্যে ধর্মীয় বিদ্বেষ ছড়িয়ে নতুন প্রজন্মকে জিহাদে উৎসাহিত করছেন- এমন অভিযোগ বিজেপি সরকারের।

নয়াদিল্লীর আশংকা, জাকির নায়েকের বক্তব্য শুনে ভারতের তরুণদের কেউ কেউ মৌলবাদের দিকে ঝুঁকছে, এমনকি আইএসের মতো সংগঠনে যোগ দিতেও চেষ্টা করছে।

সন্ত্রাসে মদত দেয়ার অভিযোগ দেশটিতে পিস টিভিসহ জাকির নায়েকের সব প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে।

চাপের মুখে ২০১৬ সালে ভারত থেকে পালিয়ে যান জাকির নায়েক। এরপর বিদেশ থেকে তাকে ফেরত আনার চেষ্টা করছে ভারত।

ভারতের তদন্তকারীদের দাবি, জাকির নায়েকের এনজিওগুলো বিভিন্ন দেশ থেকে যে টাকা পেত, সেগুলোর একটা অংশ উগ্রবাদী তরুণদের পিছনে ব্যয় করেছে। এ বিষয়ে আদালতে বিভিন্ন সময় মামলাও হয়েছে।

এদিকে বিভিন্ন দেশে জঙ্গিবাদে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার অনেকে জিজ্ঞাসাবাদে জাকির নায়েকের দ্বারা প্রভাবিত হওয়ার তথ্য দিয়েছেন।

ঢাকার গুলশানে হোলি আর্টিসানে জঙ্গী হামলায় জড়িতদের কয়েকজনকেও জাকির নায়েকের ভিডিও শেয়ার করতে দেখা গেছে।

ধর্মীয় উসকানির অভিযোগে ভারতের কর্নাটক রাজ্যে জাকির নায়েককে নিষিদ্ধ করা হয়। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের মত কিছু দেশেও তাকে নিষিদ্ধ করা হয়।

এছাড়া লন্ডনের পাবলিক লাইব্রেরিতে থাকা তার বইয়ে জঙ্গিবাদ, নারী এবং ইহুদিদের বিষয়ে আপত্তিকর মন্তব্য থাকার অভিযোগ ওঠে।

জাকির নায়েক যা বলছেন

জাকির নায়েক বরাবরই ধর্মীয় বিভেদ সৃষ্টিতে উসকানির অভিযোগ অস্বীকার করে আসছেন।

জঙ্গি সংগঠনকে সমর্থন দেয়ার পরিবর্তে তাকে আইএসকে ইসলামবিরোধী হিসেবে আখ্যা দিতেও দেখা যায়।

ভারত থেকে পালানো জাকির নায়েক বহু বছর ধরে মালয়েশিয়ায় আশ্রয় নিয়ে স্থায়ীভাবে বসবাস করছেন। দেশটির রাজনীতিতেও তার প্রভাব রয়েছে।

জাকির নায়েককে মালয়েশিয়া থেকে ফেরাতে ভারত চাপ দিয়ে আসলেও তাতে সাড়া দেয়নি কুয়ালালামপুর।

ভারতে ফেরা প্রসঙ্গে জাকির নায়েকের বক্তব্য, ন্যায়বিচারের নিশ্চয়তা না পেলে তিনি দেশে ফিরবেন না।