মানুষ হত্যা করে অন্য দেশে সরকার পরিবর্তনের দায় স্বীকার যুক্তরাষ্ট্রের

মানুষ হত্যাসহ নানা কৌশলে অন্য দেশে সরকার পরিবর্তনের পুরনো অভিযোগ স্বীকার করে নিয়েছে যুক্তরাষ্ট্র।

অভিযোগ রয়েছে যে, কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি অন্য দেশের সরকার পরিবর্তন বা রাষ্ট্রগঠনের নীতি অনুসরণ করে এসেছে।

তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনকালে যুক্তরাষ্ট্রের এই নীতির সমাপ্তি ঘটেছে বলে মন্তব্য করেছেন দেশটির জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড।

বাহরাইনে বার্ষিক নিরাপত্তা সম্মেলন ‘মানামা সংলাপে’ তুলসী গ্যাবার্ড এসব কথা বলেন।

আন্তর্জাতিক নিরাপত্তা গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব সিকিউরিটি স্টাডিজ-আইআইএসএস এ সংলাপের আয়োজন করে।

ওয়াশিংটনের বিগত সময়ের চিন্তাপদ্ধতি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রকে পেছনে আটকে রেখেছে বলেও মন্তব্য করেন তুলসী গ্যাবার্ড।

তুলসী গ্যাবার্ড আরো বলেন, এমন নীতির কারণে যুক্তরাষ্ট্রের ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার ব্যয়, অগণিত মানুষের প্রাণহানি এবং অনেক ক্ষেত্রে বৃহত্তর নিরাপত্তা হুমকি তৈরি হয়েছে।

তার মতে, ওয়াশিংটনের রেজিম চেঞ্জ কৌশলের কারণেই আইএসআইএস বা ইসলামিক স্টেটের মতো সন্ত্রাসী গোষ্ঠীগুলোর উত্থান হয়েছে।

সামনের পথ সহজ বা সরল হবে না, তবে ট্রাম্প এই পথে চলতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ বলেও মন্তব্য করেন তুলসী গ্যাবার্ড।