ইংল্যান্ডকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের চ্যাম্পিয়ন ভারত

অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপ ২০২৬ এর শিরোপা জিতেছে ভারত। ফাইনালে ইংল্যান্ডকে ১০০ রানে হারিয়ে যুব বিশ্বকাপে আরেকটি স্বর্ণালী অধ্যায় যোগ করল ভারতীয় কিশোরেরা।

জিম্বাবুয়ের হারারের হারারে স্পোর্টস ক্লাবে আজ অনুষ্ঠিত ফাইনালে টস জিতে আগে ব্যাট করে ভারত। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে তারা তোলে বিশাল ৪১১ রান। লক্ষ্য তাড়ায় নেমে ইংল্যান্ড ৪০ ওভার ১ বলে ৩১১ রানে অলআউট হয়ে যায়।

ভারতের জয়ের মূল নায়ক ১৪ বছর বয়সী ব্যাটসম্যান বৈভব সূর্যবংশী। অনবদ্য এক ইনিংসে মাত্র ৮০ বলে ১৭৫ রান করেন তিনি। তাঁর ইনিংসে ছিল ১৫টি চার ও ১৫টি ছক্কা। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে এটিই সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। সূর্যবংশীর ব্যাট থেকেই ম্যাচ কার্যত ভারতের নিয়ন্ত্রণে চলে যায়।

তাঁর সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন অধিনায়ক আয়ুষ মহাত্রে। ইনিংস গুছিয়ে খেলেন তিনি, দলের বড় সংগ্রহে অবদান রাখেন। শেষদিকে ভারতের মিডল অর্ডার ব্যাটসম্যানরাও দ্রুত রান তুলে ইংল্যান্ডের সামনে পাহাড়সম লক্ষ্য দাঁড় করান।

জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড শুরুটা ভালো করলেও বড় লক্ষ্য চাপ সামলাতে পারেনি। ক্যালেব ফালকনার শতক হাঁকিয়ে কিছুটা লড়াইয়ের আভাস দিলেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ইংল্যান্ড।

ভারতের বোলাররা নিয়ন্ত্রিত লাইন-লেন্থে বল করে প্রতিপক্ষকে ম্যাচে ফেরার সুযোগ দেননি।