বিশ্বের দীর্ঘতম ট্রেন, বাস, উড়োজাহাজ ও জাহাজ

বিশ্বের দীর্ঘতম ট্রেন

অস্ট্রেলিয়ান বিএইচপি আয়রন অর ট্রেনের এক মাথা থেকে হেঁটে আরেক মাথায় যেতে সময় লাগে প্রায় দেড় ঘণ্টা।

শুনতে অবিশ্বাস্য লাগলেও ট্রেনটির দৈর্ঘ্য ৭.৩ কিলোমিটার, যা বাংলাদেশের দীর্ঘতম পদ্মা সেতুর (৬.১৫ কিলোমিটার) তুলনায় এক কিলোমিটারের চেয়েও বেশি লম্বা।

৬৮২ কোচের এই ট্রেনটিই বিশ্বের দীর্ঘতম ও ভারী ট্রেন, যা ২০০১ সালের ২১ জুন চলা শুরু করে।

অত্যাধুনিক এই মালবাহী ট্রেনটি স্বয়ংক্রিয়ভাবেই ছুটে চলে, ফলে অতিকায় ট্রেনটি চালাতে কোন চালকের প্রয়োজন পড়ে না।

বিশ্বের সবচেয়ে বড় বাস

বিশ্বের সবচেয়ে বড় বাস- অটোট্রাম এক্সট্রা গ্র্যান্ড। লম্বায় ১০০ ফুটের বাসটি বিশ্বের বড় বড় শহরে যাত্রী পরিবহন করছে, যেটি ২৫৬ জন যাত্রীকে একসঙ্গে বহন করতে পারে।

যাত্রী ওঠানামা করতে বাসটিতে রয়েছে ৫টি দরজা। তবে অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর হওয়ায় স্টপেজে স্টপেজে যাত্রী ওঠানামায় এটি স্বয়ংক্রিয়ভাবেই বন্ধ ও চালু হতে পারে।

বাসটির নির্মাতা গোপেল বাস কোম্পানি ২০১২ সালে জার্মানিতে প্রথম বাসটি চালু করে।

বিশ্বের সবচেয়ে বড় উড়োজাহাজ

ফ্রান্সের জাহাজ নির্মাণকারী কোম্পানি এয়ারবাসের বহরে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় উড়োজাহাজ। বর্তমানে এয়ারবাসের এ৩৮০ এর চেয়ে বড় কোন উড়োজাহাজ পৃথিবীতে নেই।

দ্বিতল ও ৪ ইঞ্জিনের বিশাল যাত্রীবাহী জেট বিমানটিকে নামতে দেওয়ার জন্য অনেক বিমানবন্দরের সক্ষমতা বাড়াতে হয়েছে।

২০০৫ সালের ২৭শে এপ্রিল প্রথমবার আকাশে ওড়ে এ৩৮০। সিঙ্গাপুর এয়ারলাইনসের মাধ্যমে ২০০৭ সালে প্রথম এর বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়।

বিমানটি নির্মাণের শুরুতে এয়ারবাস A3XX নামে পরিচিত ছিল, পরে এ৩৮০ নামকরণ করা হয়। এটির তিন শ্রেণিতে ৫২৫ জনের বসার ব্যবস্থা রয়েছে, তবে একসঙ্গে ৮৫৩ জন যাত্রী পরিবহনের সক্ষমতা রয়েছে এ৩৮০ এর।

এ৩৮০ ঘণ্টায় প্রায় ৯০০ কিলোমিটার গতিতে একটানা ১৫ হাজার ৪০০ কিলোমিটার উড়তে পারে, ফলে একবার উড়াল দিয়ে কোন বিরতি ছাড়াই এটি নিউ ইয়র্ক থেকে হংকং চলে যেতে পারবে।

বিশ্বের সবচেয়ে বড় জাহাজ

বড় বড় জাহাজের ভিড়ে বিশ্বের সবচেয়ে বড় প্রমোদতরির রেকর্ড এখন আইকন অব দ্য সিজ এর দখলে। ২০২৪ সালের জানুয়ারিতে সমুদ্র যাত্রা শুরু করা জাহাজটির মালিক যুক্তরাষ্ট্রের রয়েল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনাল।

এই প্রমোদতরিটি লম্বায় ১ হাজার ১৯৭ ফুট ও ২১৯ ফুট চওড়া, যেটির ২ হাজার ৮০৫টি রুমে ৭ হাজার ৬০০ যাত্রী বহনের সক্ষমতা রয়েছে। জাহাজের মধ্যে সবচেয়ে বড় সুইমিংপুলও রয়েছে আইকন অব দ্য সিজে।