ভারতের মুম্বাইয়ে বড় ধরনের সন্ত্রাসী হামলার হুমকি আসার পর উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
মুম্বাই ট্রাফিক পুলিশের অফিসিয়াল হোয়াটসঅ্যাপে এক বার্তায়, বোমা হামলা চালিয়ে লাখ লাখ মানুষকে হতাহত করার হুঁশিয়ারি দেয়া হয়েছে।
এই হুমকি এমন সময়ে এসেছে যখন মুম্বাইয়ে গণেশ বিসর্জন উৎসব উদযাপিত হচ্ছে। উৎসবের দিন শহরে প্রচুর মানুষ ও গাড়ি চলাচল করে থাকে।
লস্কর-ই-জিহাদির তরফ থেকে এই হুমকিটি আসতে পারে বলে ধারণা করছে মুম্বাই পুলিশ।
হুমকিতে বলা হয়েছে, পাকিস্তান থেকে আসা অন্তত ১৪ জন সন্ত্রাসী ইতিমধ্যেই ভারতে প্রবেশ করেছে এবং তারা ৩৪টি গাড়িতে হিউম্যান বোম্ব বসিয়ে শহর জুড়ে বিস্ফোরণ ঘটাতে পারে।
এর পরপরই মুম্বাই পুলিশ দ্রুত উচ্চ সতর্কতা ঘোষণা করেছে। শহরের গুরুত্বপূর্ণ এলাকা, গাড়ি পার্কিং জোন, মেট্রো স্টেশন, বেজমেন্ট ও জনবহুল স্থানগুলোতে নজরদারি ও তল্লাশি বাড়ানো হয়েছে। অ্যান্টি-টেররিজম স্কোয়াড, ক্রাইম ব্রাঞ্চ এবং অন্যান্য নিরাপত্তা সংস্থাগুলো যৌথভাবে তদন্ত এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে।
পুলিশ জনগণকে আতঙ্কিত না হওয়ার এবং কোন গুজব ছড়ানো থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে।
পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, “আমরা সব সম্ভাব্য ঝুঁকি এবং হুমকিকে গুরুত্ব দিয়ে নিয়েছি। সাধারণ মানুষ আতঙ্কিত হবেন না, নিরাপত্তা ব্যবস্থা সর্বদা সক্রিয় থাকবে।”
